দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর সবচেয়ে বড় হাট গাবুরা বাজারে দৈনিক ৩-৪ কোটি টাকার কেনাবেচা
দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বড় হাটে দৈনিক ৩-৪ কোটি টাকার বাণিজ্য

দিনাজপুরের গাবুরা বাজারে গ্রীষ্মকালীন টমেটোর সবচেয়ে বড় হাট বসে। এই হাট থেকে দৈনিক ৬০ থেকে ৭০ ট্রাক টমেটো দেশের বিভিন্ন বাজারে যায়। দৈনিক কেনাবেচা হয় ৩ থেকে ৪ কোটি টাকার। ভোর থেকে বিকেল পর্যন্ত ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা থাকে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত হাটের ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকেরা টমেটো বাছাই, কেনাবেচা, মোড়কজাত ও ট্রাক বোঝাইয়ে ব্যস্ত সময় পার করছেন।

গাবুরা বাজারের গুরুত্ব

গাবুরা বাজারে ছোট-বড় ৪০০টির বেশি ঘর রয়েছে। আশেপাশের এলাকাজুড়ে আরও অনেক আড়ত রয়েছে। কোনো কোনো আড়তে কাজ করেন শতাধিক কর্মী। সারা দেশ থেকে তিন শতাধিক পাইকার প্রতিদিন এই বাজার থেকে টমেটো সংগ্রহ করতে আসেন। তাদের একজন শফি উদ্দিন। ৩০ বছর ধরে এই ব্যবসায় যুক্ত তিনি। রাজবাড়ী থেকে টমেটো কিনতে এসেছেন। প্রতিদিন ছয় থেকে সাত ট্রাক টমেটো সরবরাহ করেন। এসব টমেটো যায় সিলেট, কুমিল্লা, রাজবাড়ী ও চট্টগ্রামে। শফি উদ্দিন বলেন, ‘পঞ্চগড় থেকেও আমি টমেটো সংগ্রহ করি। কিন্তু আশপাশের জেলাগুলোতে গ্রীষ্মকালীন টমেটোর এত বড় বাজার আর নেই।’

শিক্ষার্থীদের কাজ

গত শুক্রবার সকালে গাবুরা বাজারে দেখা যায়, আড়তে টমেটো বাছাই ও প্যাকিংয়ের কাজ করছেন কর্মীরা, যার একটি বড় অংশ শিক্ষার্থী। গ্রীষ্ম মৌসুমে দুই মাস বাড়তি আয়ের জন্য তাঁরা এই কাজে যুক্ত হন। দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকা পান। তাদের একজন সামিউল ইসলাম। অষ্টম শ্রেণির পড়ুয়া। দিনে ২৫০ ক্রেট টমেটো প্যাকিং করে পান ৩০০ টাকা। এ ছাড়া স্থানীয় লোকজনও এই মৌসুমে টমেটো বাছাই ও মোড়কজাতের কাজ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দরদাম ও কৃষকের লাভ

গাবুরা বাজারে গত শুক্রবার মানভেদে প্রতিমণ টমেটো বিক্রি হয় এক হাজার টাকা থেকে ১ হাজার ৮০০ টাকায়। চাষিরা জানান, বৃষ্টির কারণে এবার টমেটোর উৎপাদন কিছুটা কম হয়েছে। তাই দাম বেশি পাচ্ছেন কৃষকেরা। তাতে লাভও ভালো হচ্ছে। স্থানীয় কৃষক আরাফাত হোসেন এবার আধা বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। ফলন হয়েছে ১৭০ মণের মতো। চাষে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আর উৎপাদিত টমেটো বিক্রি করে পেয়েছেন দেড় লাখ টাকা। অর্থাৎ লাভ কয়েক গুণ। আরাফাত হোসেন জানান, এবার গ্রীষ্মকালীন টমেটোর ভালো দাম পেয়েছেন। তাতে লাভও ভালো হয়েছে। একই তথ্য জানান হোসেনপুরের কৃষক আমজাদ হোসেন।

চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, সেচ, সার, ড্রেনেজব্যবস্থা ও কীটনাশক ব্যয় মিলিয়ে প্রতি বিঘায় খরচ হয়েছে ৭০ থেকে ৮০ হাজার টাকা। প্রতি বিঘায় ৩০০ থেকে ৪০০ মণ টমেটো উৎপাদিত হয়েছে। প্রতি বিঘায় গড় উৎপাদন ৩৫০ মণ এবং প্রতি মণের গড় দাম এক হাজার টাকা ধরে হিসাব করলে প্রতি বিঘায় উৎপাদিত টমেটো বিক্রি করে কৃষক পেয়েছেন সাড়ে তিন লাখ টাকা। ভালো লাভ পাওয়ায় গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনে স্থানীয় কৃষকদের আগ্রহ বাড়ছে দিন দিন।

আড়তদারদের বক্তব্য

কৃষকেরা ভালো লাভের কথা বললেও আড়তদারেরা বলছেন পাইকারি ব্যবসায় মন্দার কথা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পচনশীল পণ্য হওয়ায় সীমিত লাভেই তাদের টমেটো বিক্রি করতে হচ্ছে। ১৮ বছর বিদেশে থেকে এখন গাবুরা বাজারে টমেটোর আড়ৎ দিয়েছেন স্থানীয় বেপারী রুবেল মোল্লা। তাঁর আড়তে কাজ করে ৪০ জন। তিনি জানান, প্রতি মণ টমেটোর গড় দাম পড়ছে এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। তাই আমাদের লাভ হচ্ছে সীমিত।

পাইকারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা টমেটো বিক্রি করেন ক্রেট হিসেবে। প্রতি ক্রেট টমেটো থাকে ২৬ থেকে ২৭ কেজি। প্রতি ক্রেট ঢাকা পর্যন্ত নিতে খরচ পড়ে ২২০ টাকা। গত শুক্রবার প্রতি ক্রেট টমেটো বিক্রি হয় এক হাজার টাকায়। সেই হিসাবে প্রতি কেজি টমেটোর দাম পড়ে ৩৭ থেকে ৩৮ টাকা। পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে সেই দাম দাঁড়ায় ৪৫ থেকে ৪৭ টাকায়। ঢাকার বাজারে সেই টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়।

উৎপাদন বাড়ছে

গ্রীষ্মকালীন টমেটোর আবাদ শুরু হয় ডিসেম্বর মাসে। তিন মাস পর মার্চ থেকে ফলন আসা শুরু হয়। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বাজারে পাওয়া যায় এসব টমেটো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত কয়েক বছর ধরে প্রতিবছর গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে দিনাজপুরে আবাদের পরিমাণ ছিল ৮৬৫ হেক্টর। এবার আবাদের জমি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ হেক্টরে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আবাদের জমি বেড়েছে ২৪৩ হেক্টর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বলেন, পঞ্চগড়ের দেখাদেখি এ জেলায় গ্রীষ্মকালীন টমেটোর চাষ শুরু হয়েছিল। কিন্তু এখন পঞ্চগড়ের চেয়ে বেশি আবাদ হয়। তাতে এ অঞ্চলে গ্রীষ্মকালীন টমেটোর সবচেয়ে বড় হাট হয়ে উঠেছে গাবুরা বাজার। তিনি আরও বলেন, স্থানীয়ভাবে হিমাগার সুবিধা বাড়ানো গেলে কৃষকেরা আরও বেশি দাম পাবেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত টমেটোর বাজার ধরে রাখা সম্ভব হবে।