প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে বড় সুযোগ তৈরির কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে শ্রম বাজার সম্প্রসারণ নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের এ প্রত্যাশার কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রীর সফর সেই বাজার পুনরায় চালুর ক্ষেত্রে বড় সুযোগ সৃষ্টি করবে।
শ্রমবাজার ইস্যুতে থাইল্যান্ডসহ প্রায় ১৮টি দেশে ১৮টি সমঝোতা স্মারক (এমওইউ) পাঠানো হয়েছে, যা স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই এসব কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
সম্প্রতি কিছু বাংলাদেশি কর্মীর রাশিয়ায় গিয়ে বিপাকে পড়ার প্রসঙ্গে নুরুল হক বলেন, রাশিয়ায় এখন থেকে যারা যাবেন, তারা যেন কোনোভাবেই যুদ্ধে জড়িয়ে না পড়েন এবং ওয়ার্কিং ভিসায় যান, সে বিষয়ে দূতাবাস ও বিএমইটি কঠোরভাবে যাচাই-বাছাই করবে। সরকারের আগামী পাঁচ বছরের টার্গেটে রাশিয়ায় তিন থেকে চার লাখ কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে। যুদ্ধের কারণে বিদেশি বিনিয়োগকারী ও স্থানীয় লোকজন চলে যাওয়ায় সেখানে কর্মীর চাহিদা বেড়েছে।
সাম্প্রতিক সময়ে রাশিয়ায় যাওয়া ৩০ জন বাংলাদেশিকে যুদ্ধে জড়ানোর অভিযোগের বিষয়ে সরকার শুরু থেকেই তৎপর ছিল। যেসব এজেন্সি তাদের পাঠিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রিক্রুটিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট সমস্যার জন্য পুরো দেশের বাজার বন্ধ করে দেওয়া যৌক্তিক নয়। মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। বরং ফেয়ার রিক্রুটমেন্টের মাধ্যমে লোক পাঠানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন। তিনি আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাওয়ার কথা রয়েছে তার।



