জ্বালানি তেলের দাম বাড়লেও উৎপাদন-রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে দেশে শিল্প কারখানায় উৎপাদন ও রপ্তানি কমেনি। তিনি বলেন, এটি কয়েক বছর পূর্বের বৈশ্বিক সমস্যা, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্টি হয়েছিল।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জিয়া হল প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত ৫ দিন ব্যাপি বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শিল্প খাতে বিনিয়োগের পরিকল্পনা
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশের শিল্প খাতকে এগিয়ে নিতে স্বল্প পরিমাণ জ্বালানি ব্যবহারযোগ্য শিল্প কারখানাগুলোতে সরকার বিনিয়োগ করার পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়া দেশের জ্বালানি তেল ও গ্যাসের চাহিদা পূরণে ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশি করে এলএনজি আমদানির জন্য সরকার কাজ করছে।
পাট খাতে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য
বস্ত্র ও পাট মন্ত্রী জানান, দেশের ঐতিহ্যবাহী পাট ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। স্বল্প সময়ে পাট বীজে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছর বিদেশ থেকে পাট বীজ আর আমদানি করতে হবে না।
পলিথিনের ব্যবহার নিরুৎসাহিতসহ দেশের উৎপাদিত পাট পণ্যের বহুমুখী ব্যবহার ও রপ্তানি বাড়াতেও সরকার নানামুখী কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাকে গবেষণা এবং কারিগরি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুই এক বছরের মধ্যে আমরা এর সুফল দেখতে পাবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মেলা পরিদর্শন
পরে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বহুমুখী পাট পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।



