দেশে জ্বালানি তেলের সরবরাহ কম নেই, বরং অসাধু চক্রের অনৈতিক ব্যবসার কারণে সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রীর বক্তব্য
সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় ধরনের তেলের সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্বব্যাপী পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা
মন্ত্রী অভিযোগ করেন, একটি মহল কৃত্রিমভাবে সংকট তৈরি করে অনৈতিকভাবে তেল বিক্রি করছে। জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রকল্প
এ সময় জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ও মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিতরণ
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



