ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল সাকাব এসফাহানি দেশটির তেলক্ষেত্রে যে কোনো ধরনের হামলার কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইরানের তেলক্ষেত্রে হামলা চালানো হলে তার সমপরিমাণ পাল্টা জবাব দেওয়া হবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
পাল্টা জবাবের কৌশল
এসফাহানি বলেন, যদি প্রতিপক্ষ আবারও আক্রমণের পথ বেছে নেয়, তবে ইরান ‘চোখের বদলে চোখ’ নীতিতেই প্রতিক্রিয়া জানাবে। তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের কোনো তেলকূপে হামলা হলে, যে দেশের ভূখণ্ড ব্যবহার করে সেই আক্রমণ চালানো হবে, সেই দেশের তেল স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে।
কূটনৈতিক আলোচনায় ইরানের অবস্থান
তেহরানের চলমান কূটনৈতিক আলোচনার প্রসঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় ইরান শক্ত অবস্থানে রয়েছে এবং প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে সক্ষম হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ না করতে নাগরিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ খাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের হুমকি
এদিকে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছেন। পাশাপাশি দেশটির বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান।



