দশ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল ঝিকরগাছায়
যশোরের ঝিকরগাছা উপজেলায় শুক্রবার বিকালের ঝড়ের কারণে দশ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে রাত দেড়টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকালে ঝড় শুরু হতেই উপজেলা সদরসহ পদ্মপুকুর, চাঁপাতলা ও কাশিপুর এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
বিদ্যুৎ না থাকায় কোরবানির মাংস নিয়ে বিপাকে গ্রাহকরা
এদিকে বৃহস্পতিবার ঈদুল আজহা হওয়ায় অনেক বাড়িতে কোরবানি হয়েছিল। প্রচুর পরিমাণে মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়। কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজের মাংস নষ্ট হওয়ার উপক্রম হয়। এতে করে গ্রাহকরা চরম বিপাকে পড়েন। তারা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্ম, শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গরমের মধ্যে শিশু ও বয়স্কদের কষ্ট আরও বেড়ে গেছে।
পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ
গ্রাহকরা অভিযোগ করেন, সামান্য বাতাস বা হালকা বৃষ্টিতেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এছাড়া বিদ্যুৎ চলে গেলে পল্লী বিদ্যুতের অভিযোগ নম্বরে ফোন দিলেও সাধারণ গ্রাহকদের ফোন ধরেন না কর্তৃপক্ষ। কিন্তু বিদ্যুৎ বিলে কোনো ছাড় দেওয়া হয় না। লাইন মেরামতে দীর্ঘ সময় লাগায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা বলেন, এসব অভিযোগ শোনার মতো কেউ নেই।
পল্লী বিদ্যুতের ব্যাখ্যা
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছার ডিজিএম ইমাম হাসান জানান, ঝড়ে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর গাছ পড়েছে এবং কয়েকটি জায়গায় তার ছিঁড়ে গেছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছিল। তবে দশ ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে।



