অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সরকারকে তেল ও গ্যাস খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা খরচ করতে হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধে আরও ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।
তিনি বলেন, 'আমরা নেতিবাচক অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। অর্থনীতি ঘুরে দাঁড়াতে কমপক্ষে দুই বছর সময় লাগবে।'
শনিবার (১৬ মে) চট্টগ্রাম মাদার অ্যান্ড চাইল্ড মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাবে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগ্যতা ছাড়া কাউকে ভর্তি করা যাবে না। রাজনৈতিকভাবে প্রতিষ্ঠানে ভর্তি করালে প্রতিষ্ঠানের মান নষ্ট হয়।
স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বাড়বে
মন্ত্রী জানান, এবার দেশের স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। তিনি বলেন, 'সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার দরিদ্রদের চিকিৎসা ব্যয় বহন করবে এবং এর জন্য বেসরকারি হাসপাতালের সাথে সমন্বয় করা হচ্ছে।'
তিনি আরও বলেন, 'প্রাথমিক স্বাস্থ্যসেবা নেওয়া বাংলাদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ এই অধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার সর্বজনীন স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা সেবা জোরদার করতে কাজ করছে। সরকারি হাসপাতালের সীমাবদ্ধতার কারণে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সাথে চুক্তি করা হবে। সেখানে রোগীরা চিকিৎসা নিলে সরকার বিল পরিশোধ করবে।'
আধুনিক শিক্ষার ওপর জোর
শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিমিডিয়া সুবিধা, ডিজিটাল লাইব্রেরি, খেলাধুলা ও বিনোদন ব্যবস্থার ওপর জোর দিয়ে আমির খসরু বলেন, 'বর্তমান বিশ্ব সম্পূর্ণ মাল্টিমিডিয়াভিত্তিক হয়ে গেছে। তাই চিকিৎসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ পেতে হবে। দেশে মেডিকেল টেকনোলজিস্টের অভাব রয়েছে। দক্ষ জনবলের অভাবে কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। তাই মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ওপর জোর দিতে হবে।'



