আম কিনতে রাজশাহী গিয়ে কাঁচাগোল্লা কিনতে নেমে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর
আম কিনতে রাজশাহী গিয়ে কাঁচাগোল্লা কিনতে নেমে ট্রাকে নিহত

গাজীপুর থেকে প্রায় ৩০ তরুণ ব্যবসায়ী দলবেঁধে গিয়েছিলেন আম কিনতে রাজশাহীতে। আম নিয়ে ফেরার পথে নাটোরের কাঁচাগোল্লা কিনতে বাস থেকে নেমেছিলেন রাকিবুল ইসলাম (২৫)। কিন্তু কাঁচাগোল্লা নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার বিবরণ

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ভাই ভাই হার্ডওয়্যার দোকানের সামনে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল ইসলাম গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়াচালা এলাকার মুজিবুর রহমানের ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

ঘটনার ক্রম

ঝলমলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম ও তাঁর প্রায় ৩০ বন্ধু গতকাল সকালে ‘সৌখিন’ নামে একটি বাস ভাড়া করে রাজশাহীতে আম কিনতে যান। আম কেনা শেষে রাতের দিকে গাজীপুরে ফেরার পথে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় বাস থামিয়ে কাঁচাগোল্লা কিনতে নামেন তাঁরা। কাঁচাগোল্লা কিনে বাসে ওঠার ঠিক আগে একটি দ্রুতগতির ট্রাক রাকিবুলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাকিবুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, "রাকিবুলের মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ