ইউসিবি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে
ইউসিবি রাইট শেয়ার ইস্যু করে ৭৭৫ কোটি টাকা তুলবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-কে নতুন করে ৭৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির সভায় ব্যাংকটির অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রাইট শেয়ারের শর্তাবলি

বিএসইসি জানিয়েছে, ইউসিবি তাদের বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার ইস্যু করবে। এই প্রক্রিয়ায় ব্যাংকটি ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি নতুন শেয়ার ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ ব্যাংকটি তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।

শেয়ারের বর্তমান অবস্থা

শেয়ারবাজারে বর্তমানে ইউসিবির প্রতিটি শেয়ার ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৯ টাকা। ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংক বর্তমানে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত। ২০২৩ সালের পর ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ায় এটিকে জেড শ্রেণিভুক্ত করা হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৫৫০ কোটি টাকা। রাইট শেয়ার ইস্যুর পর ব্যাংকটির মূলধন বেড়ে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য সিদ্ধান্ত

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন ছাড়াও বিএসইসির আজকের পর্ষদ সভায় ব্লু ওয়েলথ ফার্স্ট স্টাবল রিটার্ন ফান্ড নামে নতুন একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়। এই মিউচুয়াল ফান্ডের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডের উদ্যোক্তা হিসেবে ব্লু ওয়েলথ অ্যাসেট লিমিটেড দেবে ৩ কোটি টাকা। বাকি ২৭ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ব্লু ওয়েলথ অ্যাসেট লিমিটেড।