দ্রুত সময়ের মধ্যে ইসলামী ব্যাংকের নিরপেক্ষ সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জহির হোসেন। এতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গণমাধ্যমকে বক্তব্য
সোমবার (১৫ জুন) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। এক সদস্য বিশিষ্ট পর্ষদের নতুন চেয়ারম্যান বলেন, ‘ইসলামী ব্যাংকের যেসব শেয়ার নিয়ে বিতর্ক রয়েছে, তা আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’
গ্রাহক আস্থা ও তদন্ত
এ সময় তিনি আরও বলেন, ‘গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা ও সব ধরনের লেনদেন স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তদন্ত করা হবে।’ পাশাপাশি ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ও উন্নয়নে সবার সহযোগিতাও চান মো. জহির হোসেন।
তারল্য সহায়তা
এদিকে, আবারও আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। এর আগে ১০ হাজার কোটি টাকা তারল্য সহায়তার আবেদনের প্রেক্ষিতে পর্যালোচনা শেষে রোববার (১৪ জুন) প্রথম দফায় ও দ্বিতীয় দফায় এই সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক।



