মেয়াদোত্তীর্ণ ঋণের দণ্ড সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক
মেয়াদোত্তীর্ণ ঋণের দণ্ড সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার কমিয়েছে। এখন থেকে গ্রাহক ঋণের কিস্তি সময়মতো পরিশোধ না করলে ব্যাংকগুলো সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আদায় করতে পারবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

পূর্বের হারের তুলনা

এত দিন এ হার ছিল সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ। বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনের বিস্তারিত

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ কার্যক্রম গতিশীল করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে দণ্ড সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা এক প্রজ্ঞাপনে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ নির্ধারণ করা হয়েছিল। নতুন নির্দেশনার মাধ্যমে ওই প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন নির্দেশনার শর্তাবলী

নতুন নির্দেশনা অনুযায়ী, চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে। আর মেয়াদি ঋণের ক্ষেত্রে শুধু মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর এ হার প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগের নির্দেশনার অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ