দেশে অতিরিক্ত আম উৎপাদনের কারণে চাষিরা ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষকদের লোকসান থেকে বাঁচাতে ও আমের সঠিক দাম নিশ্চিত করতে এখন রপ্তানি জরুরি। সোমবার (৬ জুলাই) আম ও অন্যান্য কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধিতে বাষ্পতাপ প্রয়োগ প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আম রপ্তানিতে আন্তর্জাতিক আগ্রহ
কৃষিমন্ত্রী জানান, ইতিমধ্যেই জাপান, চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ দেখিয়েছে। এছাড়া চীন বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানিতেও আগ্রহ প্রকাশ করেছে। পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল সেখানে পাঠানো হয়েছে, যা ইতিবাচক সাড়া পেলে রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
সংরক্ষণ ও পরিবহনে উদ্যোগ
মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত পণ্য দীর্ঘদিন ভালোভাবে সংরক্ষণ করতে সরকার সারাদেশে কয়েক হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর আওতায় প্রতিটি ইউনিয়নে একাধিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। আম রপ্তানির ব্যয় কমাতে বিমান পরিবহন খাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ বিমান ও অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে ভাড়া কমানোর বিষয়ে আলোচনা চলছে।



