চাঁদপুরের পুরানবাজার এলাকায় ত্রিনদীর মোহনায় ঘূর্ণি স্রোতে একটি কার্গো উল্টে ডুবে গেছে। এতে পাঁচ হাজার বস্তা ধান ও চাল নষ্ট হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
কার্গো ডুবির বিবরণ
কার্গোর চালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে তিন হাজার ৫শ বস্তা চাল এবং এক হাজার ৫শ বস্তা ধান নিয়ে পুরানবাজার ঘাটের কাছে আসার পর কার্গোটি ঘূর্ণিতে হেলে পড়ে। এ সময় কার্গোতে থাকা ৫-৬ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। পরে হেলে পড়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানো হয়।
ব্যবসায়ীদের ক্ষতি
চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম জানান, ডুবে যাওয়া চাল-ধানগুলো পুরানবাজারের ১০-১২ জন ব্যবসায়ীর। এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নদীর অবস্থা ও প্রশাসনের পদক্ষেপ
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।



