সারা দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও বিকেল থেকে শুরু হয়েছে যানজট। থেমে থেমে চলছে যানবাহন। আজ সোমবার বিকেল পাঁচটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এই চিত্র দেখা গেছে।
ঈদকে কেন্দ্র করে বাড়ছে যানবাহনের চাপ
পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। ঈদকে কেন্দ্র করে গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে আজ সোমবার থেকে ধাপে ধাপে পোশাক কারখানার ছুটি শুরু হয়েছে। ফলে মহাসড়কে ঘরমুখী মানুষের উপস্থিতিতে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেমন যানজট না থাকলেও ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট তৈরি হয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে।
গাজীপুরে ৪৫ শতাংশ কারখানায় ছুটি
গাজীপুর জেলার ৪৫ শতাংশ কারখানা আজ ছুটি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে দুপুর ১২টা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে কলেজ গেট পর্যন্ত যানবাহন থেমে থেমে চলাচল করছে। বিভিন্ন বাসস্ট্যান্ড ও সড়কের পাশে দীর্ঘ সময় ধরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় ঘরমুখী যাত্রীদের। বৃষ্টি উপেক্ষা করেই পরিবার-পরিজন ও প্রয়োজনীয় মালামাল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন হাজারো শ্রমিক ও সাধারণ মানুষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, ভোগরা, চৌরাস্তা, রাজেন্দ্রপুর ও মাওনা এলাকায় যাত্রীদের চাপ সবচেয়ে বেশি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, খাড়াজোড়া, বাইমাইল এলাকায় যাত্রীদের চাপ বেশি। অতিরিক্ত যাত্রীদের চাপে ১০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ময়মনসিংহ যাওয়ার অপেক্ষায় ছিলেন মরিয়ম বেগম (৪৫)। সঙ্গে ছিল কয়েকটি বস্তাভর্তি মালামাল। দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস না পাওয়ায় তিনি চরম ভোগান্তির কথা জানান। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. সফিক হোসেন বলেন, সকালে টঙ্গী থেকে কলেজ গেট পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলেছে। টানা বৃষ্টির কারণে ভোগরা এলাকায় হাঁটুপানি জমে গেছে। একই সঙ্গে কারখানার ছুটি শুরু হওয়ায় সড়কে যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী-নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, চন্দ্রা অংশ দিয়ে দেশের ২৩ জেলার মানুষ যাতায়াত করেন। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় দুই লাখ মানুষ এ সড়ক ব্যবহার করলেও ঈদের সময় তা ১৫ থেকে ২০ লাখে পৌঁছে যায়। ফলে অতিরিক্ত চাপের কারণে পুরোপুরি যানজট এড়ানো সম্ভব হয় না।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সোমবার ৪৫ শতাংশ কারখানায় ছুটি শুরু হয়েছে। মঙ্গলবার আরও ৪৫ শতাংশ কারখানা ছুটি হবে। ২৭ মে ৭ শতাংশ কারখানা ছুটি পাবে এবং মাত্র ৩ শতাংশ কারখানা খোলা থাকবে।
সাভারে ঘরমুখী যাত্রীদের ভিড়
সাভার শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানা ছুটি হওয়ায় আজ দুপুরের পর সাভার উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখী যাত্রীদের ভিড় কয়েক গুণ বেড়েছে। আজ বিকেল পাঁচটা পর্যন্ত সাভার উপজেলার আওতাধীন ঢাকা-আরিচা এবং নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে যানজট দেখা যায়নি। তবে কয়েকটি স্থানে কিছু সময় পরিবহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। তবে সন্ধ্যার পর বাইপাইল থেকে চন্দ্রা অভিমুখী সড়কে দীর্ঘ যানজট দেখা গেছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্যমতে, সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় তৈরি পোশাকশিল্প এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান আছে ১ হাজার ৭০৫টি। এর মধ্যে আজ বেলা একটা পর্যন্ত ছুটি হয়েছে ৫৩৫টি শিল্পপ্রতিষ্ঠান। অর্থাৎ ৩১ শতাংশ শিল্পপ্রতিষ্ঠান ছুটি হয়েছে।
সাভার হাইওয়ে থানার ওসি শাহজাহান মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চন্দ্রামুখী গাড়িগুলো নবীনগর এসে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এরপর চন্দ্রা মহাসড়কে যায়। আরিচাগামী গাড়িগুলো সোজা চলে যায়। এতে নবীনগর বাসস্ট্যান্ডে এ দুই মহাসড়কের অংশে গাড়িগুলোকে কিছুটা ধীরগতিতে চলতে হচ্ছে। এ ছাড়া বাইপাইলেও গাড়ির ধীরগতি রয়েছে।
ঘরমুখী যাত্রীদের স্থানীয় বিভিন্ন পরিবহনে অধিক ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। পোশাকশ্রমিক মো. শহিদুল ইসলাম যাবেন বগুড়ায়। বেলা দুইটার দিকে আশুলিয়ার বাইপাইল বাস কাউন্টারে এসে টিকিট পাননি তিনি। তিনি বলেন, কাউন্টারে টিকিট নেই, গাড়ি নেই। এখন লোকাল বাসে যেতে হবে। ৫০০ টাকার ভাড়া চাচ্ছে এক হাজার টাকা।
টাঙ্গাইলে যানবাহনের চাপ বেড়েছে, যানজট নেই
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ আগের দিনের তুলনায় বেড়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজট হয়নি। যমুনা সেতুর ওপর দিয়ে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৯১২টি যানবাহন পারাপার হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার তুলনায় ৭ হাজার ২৫৩টি বেশি। সর্বশেষ ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
নারায়ণগঞ্জে যানবাহনের চাপ বেড়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, কাঁচপুর, মদনপুর, মেঘনা সেতুর টোল প্লাজা এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আজ সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে এই মহাসড়কে তেমন যানজট দেখা যায়নি। যাত্রীদের অভিযোগ, পরিবহন কাউন্টারগুলোতে টিকিটপ্রতি ৫০ থেকে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
দাউদকান্দি ও সরাইলে যানজট নেই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার অংশে কোথাও যানজট নেই। অন্যদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।



