চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদাম থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৫৭৮ টন সরকারি চাল জব্দ করেছে র্যাব-৭-এর একটি দল। এ সময় আবদুল আজিজ নামে একজনকে আটক করা হয়।
অভিযানের বিবরণ
ডিজিএফআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার সালেহ কার্পেট মিলের একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা চাল জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৭৮ টন সরকারি চাউল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।
র্যাব-৭ এর বক্তব্য
র্যাব-৭ এর লে. কমান্ডার তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি গুদাম থেকে ৫৭৮ টন সরকারি চাল জব্দ করা হয়। বাজারজাতকরণের জন্যে অবৈধভাবে এসব চাল মজুত করা হয়। সরকারি বিভিন্ন প্রজেক্টের চাল কোনো ধরনের লাইসেন্স ছাড়া মজুত করা হচ্ছিল; যা এখান থেকে বিভিন্ন মোড়কে বাজারজাত করা হতো। চালগুলো জব্দের পর গুদামটা সিলগালা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ব্যক্তিবর্গ
অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রক কারিগরি কর্মকর্তা রাজিব কুমার দে, চট্টগ্রাম র্যাব ৭ এর কোম্পানি কমান্ডার সাইফুর রহমানসহ র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য।



