টাঙ্গাইলের মির্জাপুরে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে রায়হান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডসংলগ্ন গাড়াইল এলাকার তালুকদার ভিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত রায়হান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পরইখালি গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে মির্জাপুর উপজেলার থলপাড়া গ্রামের জুয়েল তালুকদারের গাড়াইল এলাকার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার বিবরণ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে গাড়াইল এলাকায় জুয়েল তালুকদারের ভাড়া বাসার ছাদে ব্রাজিলের পতাকা টাঙাতে গেলে হঠাৎ নিচে পড়ে যান রায়হান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ভবনের মালিক জুয়েল তালুকদার জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন একজন রোগী ছিলেন। তিনি ব্রাজিলের সমর্থক ছিলেন। এ কারণে অন্যদের মতো সেও ব্রাজিলের একটি পতাকা ছাদে টাঙিয়েছিলেন; যা প্রতিদিন নামান এবং উঠান। প্রতিদিনের মতো আজও ছাদে গিয়েছিলেন। নিচ থেকে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি পতাকা ধরতে গিয়ে নিচে পড়ে যান।
পরিবারের সদস্যরা জানান, রায়হান মূলত একজন মানসিক রোগী ছিলেন। প্রায় সময়ই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। আজ সকালে তিনি হঠাৎ করেই ছাদে চলে যান এবং হঠাৎ করেই নিচে পড়ে যান।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি একজন মানসিক রোগী ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।



