ক্রোয়েশিয়া ম্যাচের আগে সমর্থকদের বার্তা রোনালদোর
ক্রোয়েশিয়া ম্যাচের আগে বিশেষ বার্তা রোনালদোর

রোনালদোর বিশেষ বার্তা সমর্থকদের উদ্দেশে

ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার ভোরে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচটি শুধু নকআউটে টিকে থাকার লড়াই নয়, বরং রোনালদো ও ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের বিশ্বকাপ যাত্রারও শেষ ম্যাচ হয়ে যেতে পারে।

শেষ বিশ্বকাপের ইঙ্গিত

চলমান বিশ্বকাপে নামার আগে রোনালদো নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। ৪১ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই এবারই হয়তো বিশ্বমঞ্চে শেষবারের মতো স্বপ্ন ছোঁয়ার সুযোগ পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা, ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড এবং অসংখ্য ক্লাব শিরোপা—রোনালদোর অর্জনের তালিকা দীর্ঘ। তবে এখনও অধরা রয়ে গেছে বিশ্বকাপ ট্রফি। সেই অপূর্ণতাই পূরণ করার লক্ষ্য নিয়ে এবারের আসরে নেমেছিলেন তিনি।

গ্রুপপর্বে পর্তুগালের পারফরম্যান্স

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করেছিলেন। কিন্তু গ্রুপপর্বের পারফরম্যান্সে সেই প্রত্যাশা কিছুটা ম্লান হয়ে গেছে। উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি দলটি। ব্যক্তিগতভাবেও খুব একটা ছন্দে নেই রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও অন্য দুই ম্যাচে তাকে খুব বেশি প্রভাব বিস্তার করতে দেখা যায়নি। বয়সের ছাপও কিছুটা স্পষ্ট। আগের মতো গতি নেই, সহজ কিছু সুযোগও হাতছাড়া করেছেন। তবু বড় ম্যাচে পর্তুগালের সবচেয়ে বড় ভরসার নাম এখনও রোনালদো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক মাধ্যমে বার্তা

ক্রোয়েশিয়া ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সিআরসেভেন। সেখানে পর্তুগিজ সমর্থকদের কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে কয়েক শব্দ জুড়ে দিয়েছেন, ‘মেক আস ফিল অ্যাট হোম।’ যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যেন মনে হয় আমরা ঘরের মাঠে খেলছি।’ নকআউট পর্বের এই লড়াইয়ে হারলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপের পথচলা। তাই শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে রোনালদোর পর্তুগাল যেমন তাকিয়ে আছে তাদের অধিনায়কের দিকে, তেমনি রোনালদোও ভরসা রাখছেন গ্যালারিভর্তি সমর্থকদের উৎসাহে।

দুই কিংবদন্তির শেষ অধ্যায়

শুক্রবারের ম্যাচে তাই শুধু একটি দলের জয়-পরাজয় নয়, হয়তো লেখা হবে দুই কিংবদন্তির বিশ্বকাপ ইতিহাসের শেষ অধ্যায়ের গল্পও। রোনালদো ও মদ্রিচ—দুজনেই সম্ভবত শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছেন। পর্তুগালের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে রোনালদোর পারফরম্যান্সের ওপর অনেক কিছু নির্ভর করছে।