শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে পর্তুগাল। হাইভোল্টেজ এই ম্যাচে সবার নজর থাকবে দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের দিকে।
বিরল রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বকাপ
রোনালদো ও মদ্রিচ দুজনই শুরুর একাদশে থাকলেই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামবেন। এবারের বিশ্বকাপের আগে ৪০ বছরে পা দিয়েছেন রোনালদো। অন্যদিকে মদ্রিচও ইতোমধ্যে ৪০ বছর ছুঁয়েছেন। তাই তাদের মুখোমুখি লড়াই বিশ্বকাপের ইতিহাসে একটি বিরল অধ্যায় হয়ে উঠতে পারে।
পূর্বসূরি ও রেকর্ড
এর আগে ৪০ বছর বয়স পার করার পর বিশ্বকাপে খেলা একমাত্র আউটফিল্ড ফুটবলার ছিলেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। বিশ্বকাপে এর চেয়ে বেশি বয়সে খেলেছেন মাত্র দুজন ফুটবলার, তবে তারা দুজনই ছিলেন গোলরক্ষক।
জেকোর রেকর্ড ও রোনালদো-মদ্রিচের সম্ভাবনা
এরই মধ্যে চলতি আসরে নতুন একটি রেকর্ড গড়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এদিন জেকো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ৪০ বছর ১০৬ দিন বয়সে মাঠে নেমে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে খেলা প্রথম ৪০-উর্ধ্ব আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন রোনালদো ও মদ্রিচ।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার একসঙ্গে খেলা এই দুই তারকা এবার প্রতিপক্ষ হিসেবে বিশ্বকাপের মঞ্চে নামতে পারেন, যা ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছে। পর্তুগাল ও ক্রোয়েশিয়ার লড়াই তাই শুধু শেষ ষোলোর টিকিটের জন্য নয়, বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সাক্ষী হওয়ার অপেক্ষাও।



