রেকর্ডের অন্য নাম লিওনেল মেসি। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই তিনি স্পর্শ করেছিলেন মিরোস্লাভ ক্লোসার সবচেয়ে বেশি গোলের রেকর্ড। দুজনের গোল ছিল ১৬টি। আজ অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতেই ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে।
পেনাল্টি মিসে শুরু
ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর লাওতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এককভাবে নিজের করে নিতে ব্যর্থ হন মেসি। তিনি শটটি লক্ষ্যে রাখতে পারেননি, বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
রেকর্ড গোল
তবে সে যাত্রায় না পারলেও, ম্যাচের ৩৮ মিনিটে ঠিকই রেকর্ডটা নিজের করে নিয়েছেন তিনি। মেসির গোল এখন রেকর্ড ১৭টি। এর ফলে ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে চলে গেলেন জার্মান কিংবদন্তি ক্লোসা।
অপ্রত্যাশিত রেকর্ড
গোলের রেকর্ডের পাশাপাশি আরেকটি অপ্রত্যাশিত রেকর্ডও গড়েছেন মেসি। যেটি হয়েছে মূলত তাঁর পেনাল্টি মিসের মধ্য দিয়ে। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি পেনাল্টি মিসও মেসির। সব মিলিয়ে মেসি এখন পর্যন্ত মিস করেছেন ৩টি পেনাল্টি। আজকের আগে মেসির সঙ্গে ২টি পেনাল্টি মিস করে সবার ওপরে ছিলেন ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ান। তবে এবার এককভাবে সেই রেকর্ডটি মেসির নামের পাশে বসে গেল।
পেনাল্টি মিসের ইতিহাস
বিশ্বকাপে মেসি প্রথম পেনাল্টি মিস করেন ২০১৮ সালে আইসল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২২ সালে মেসির পেনাল্টি ঠেকান পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। আর এবার মেসির পেনাল্টি কাউকে ঠেকাতে হয়নি, তিনি নিজেই বাইরে মেরে সুযোগ নষ্ট করেছেন। মেসির ক্যারিয়ারে এটি ৩৩ তম পেনাল্টি মিস। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি।



