বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হং মিয়ুং-বোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর দেশে ফেরার সময় দলের নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩০ জুন) ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে ঘিরে থাকবে কঠোর পুলিশি নিরাপত্তা।
কোচের দ্বিতীয় মেয়াদে আবার ব্যর্থতা
৫৭ বছর বয়সী হং মিয়ুং বোর অধীনে এবার নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর কাছে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। সম্প্রসারিত বিশ্বকাপে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ছিল দক্ষিণ কোরিয়ার। তবে ডিআর কঙ্গো উজবেকিস্তানকে ৩-১ গোলে হারানোর পর সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়।
ব্যর্থতার দায় স্বীকার করে এরই মধ্যে পদত্যাগ করেছেন হং মিয়ুং-বো। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ুং তাকে 'অযোগ্য' বলে মন্তব্য করেছেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ইনচন মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানিয়েছে, দল দেশে ফেরার সময় বিমানবন্দরে ১৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। এছাড়া ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর করপোরেশন অতিরিক্ত ২৫ জন নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হং মিয়ুং-বোকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে তাকে অপরাধীর মতো মুখ ঝাপসা করে দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দল দেশে ফেরার সময় সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বস্তু নিক্ষেপ বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
প্রেসিডেন্টের প্রতিক্রিয়া
প্রেসিডেন্ট লি জে-মিয়ুং বলেন, 'একসময় আমি একটি পেশাদার ফুটবল ক্লাবের সম্মানসূচক চেয়ারম্যান ছিলাম এবং হৃদয়ে এখনও রেড ডেভিলসের একজন সমর্থক। তাই এই অপ্রত্যাশিত ফল শুধু বিস্ময় নয়, গভীর হতাশাও তৈরি করেছে।' তিনি আরও বলেন, 'আবারও প্রমাণ হলো, সঠিক ব্যক্তি নির্বাচনই সবকিছু নির্ধারণ করে। যোগ্যতার বদলে আনুগত্য ও গোষ্ঠীপ্রীতিকে গুরুত্ব দিয়ে অযোগ্য কাউকে নেতৃত্বে বসানো হলে ফল কী হবে, তা আগুনের মতোই স্পষ্ট।' দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট বলেন, 'এই অযৌক্তিক পরিস্থিতিতে জনগণকে যে হতাশার মুখে পড়তে হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য দ্রুত ক্রীড়া প্রশাসনে সংস্কার আনা হবে।'
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ ইতিহাস
এটি দক্ষিণ কোরিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হং মিয়ুং-বোর দ্বিতীয় মেয়াদ। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তার অধীনেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল দলটি। দক্ষিণ কোরিয়া টানা ১১টি বিশ্বকাপে অংশ নিয়েছে। ২০০২ সালে নিজেদের মাটিতে যৌথ আয়োজক হিসেবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল দেশটি।



