বিশ্বকাপ মিশনে মিশর: জন্মদিনে জয় উপহার খুঁজছেন সালাহ
ফিফা বিশ্বকাপের যাত্রা শুরু করতে আজ রাতে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে মিশর। ভারসাম্যপূর্ণ ‘গ্রুপ জি’-তে থাকা বেলজিয়ামও মানছে তাদের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে পারে মিশর।
হোসাম হাসানের শিষ্যরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেনে অবস্থিত গনজাগা ইউনিভার্সিটিতে প্রস্তুতি সম্পন্ন করে শনিবার সিয়াটলে পৌঁছেছে। সেখানে লুমেন ফিল্ডে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।
সালাহ ও মারমুশকে ঘিরে বাড়তি নজর
গ্রুপে বেলজিয়াম ও মিশরের সঙ্গে রয়েছে ইরান এবং নিউজিল্যান্ড। তবে বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার মূল মনোযোগ মিশরের দিকেই। কারণ, মোহামেদ সালাহ ও ওমর মারমুশের মতো দুই তারকা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
কোর্তোয়া বলেন, “বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিশরের মতো দলের বিপক্ষে। আমার মতে, তারা আমাদের গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তাই জয় দিয়ে শুরু করাটা জরুরি।”
২০১৪ সালে চেলসিতে সালাহর সতীর্থ ছিলেন কোর্তোয়া। পরে ২০২২ সালে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে লিভারপুলের বিপক্ষে খেলেছিলেন তিনি। সালাহকে নিয়ে কোর্তোয়া বলেন, “সে আমার ভালো বন্ধু। আমরা একসঙ্গে খেলেছি, আবার একে অপরের বিপক্ষেও খেলেছি। সে অসাধারণ একজন ফুটবলার এবং মিশরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারমুশও একইভাবে গুরুত্বপূর্ণ। আশা করি প্যারিসের ফাইনালের মতো ফলই হবে, তাহলে আমি খুশি হব।”
তিনি আরও বলেন, “সালাহ ও মারমুশ দুজনই দুর্দান্ত খেলোয়াড়। বিশেষ করে ট্রানজিশন ও কাউন্টার অ্যাটাকে তারা ভয়ংকর। আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের সেই সুযোগগুলো কমিয়ে আনতে হবে।”
জন্মদিনে জয়ের অপেক্ষায় সালাহ
সোমবার ৩৪ বছরে পা রাখেন মোহামেদ সালাহ। নিজের জন্মদিনে বেলজিয়ামের বিপক্ষে জয় পেলে সেটি হবে তার জন্য দ্বিগুণ আনন্দের উপলক্ষ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মিশরের হয়ে সর্বোচ্চ নয়টি গোল করেছিলেন সালাহ। এছাড়া ২০১৮ বিশ্বকাপে রাশিয়ায় অনুষ্ঠিত আসরেও তিনি দুটি গোল করেছিলেন। গত সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে শুরু থেকে না খেললেও বেলজিয়ামের বিপক্ষে অধিনায়ক হিসেবেই একাদশে থাকার সম্ভাবনা প্রবল।
বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে
বিশ্বকাপ ইতিহাসে মিশরের রেকর্ড এখন পর্যন্ত হতাশাজনক। তিনটি আসরে অংশ নিয়ে তারা দুটি ড্র ও পাঁচটি হার পেয়েছে, কিন্তু কোনো জয় নেই। তবে এবারের আসরকে ঘিরে আশাবাদী শুধু খেলোয়াড় বা কোচিং স্টাফ নন, সমর্থকরাও। সাবেক জাতীয় দলের গোলরক্ষক ও বর্তমান পিরামিডস এফসির খেলোয়াড় আহমেদ এল শেনাওয়ি মনে করেন, সম্প্রসারিত বিশ্বকাপের নতুন ফরম্যাট মিশরের জন্য বড় সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, “ইনশাআল্লাহ জাতীয় দল অনেক দূর যাবে। আমাদের দলে বড় বড় খেলোয়াড় আছে। আশা করি ইউরোপভিত্তিক তারকারা দলকে এগিয়ে নেবে। এবার কিছু ভিন্ন কিছু করার সুযোগ আছে।” শেনাওয়ির মতে, বিশ্বকাপে এখন আরও বেশি দল অংশ নিচ্ছে, ফলে নকআউট পর্বে ওঠার বাস্তব সুযোগ তৈরি হয়েছে। “আমি বাড়াবাড়ি করতে চাই না, তবে যদি আমরা গ্রুপ পর্ব পেরোতে পারি, এরপর অনেক কিছুই সম্ভব।”



