বিশ্বকাপের শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ শুরু হবে ব্রিটিশ সময় রাত ১টায়। এই ম্যাচ দেখার জন্য শিক্ষার্থীদের স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তবে যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসনের মত ভিন্ন। তার বিশ্বাস, ম্যাচ দেখলেও পরদিন ঠিকই স্কুলে যেতে পারবে শিক্ষার্থীরা। তবে এ সিদ্ধান্ত শেষ পর্যন্ত পরিবারের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
ম্যাচের সময়সূচি ও দর্শকসংখ্যা নিয়ে উদ্বেগ
বুধবার কঙ্গোকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। যেখানে প্রতিপক্ষ অন্যতম আয়োজক মেক্সিকো। ম্যাচের সময়সূচির কারণে টেলিভিশনে দর্শকসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অতীতে বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ অফিস বা স্কুলের সময়ের সঙ্গে মিলে গেলে অনেক প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থা নিলেও এবার গভীর রাতের সূচি ভিন্ন বাস্তবতা তৈরি করেছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্য
তবে শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসনের মতে, ম্যাচ দেখার অর্থ এই নয় যে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিত থাকতে হবে। বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনকে তিনি বলেছেন, ‘ম্যাচটি রাতে হলেও পরদিন শিশুরা স্কুলে যেতে পারবে।’ শিক্ষার্থীরা ম্যাচ দেখে আবার স্কুলেও যেতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস, পারবে। তবে বিষয়টি অভিভাবকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সন্তানের বয়স, তারা কেমন অনুভব করছে—এসব বিষয়ও বিবেচনায় রাখতে হবে।’ তিনি আরও বলেছেন, ‘শেষ পর্যন্ত এটি প্রতিটি পরিবারের নিজস্ব সিদ্ধান্ত।’
ইংল্যান্ড কোচের পরামর্শ
এর আগে ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল অভিভাবকদের উদ্দেশে মজার ছলে বলেছিলেন, ‘স্কুলে না যাওয়ার জন্য একটা অজুহাত লিখে দিন, ওদের ফুটবল দেখতে দিন।’ তিনি বলেছেন, ‘সামনে তো স্কুলে যাওয়ার সুযোগ আছে। কিন্তু বিশ্বকাপ আসে চার বছর পরপর। ওদের ম্যাচটা দেখতে দিন।’



