গত ২৭ জুন, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সুইমিংপুল প্রাঙ্গণ রঙিন কাপড় ও বর্ণিল আলোকসজ্জায় সেজেছিল। টেবিলের ওপর প্লেটে সাজানো ছিল বাহারি দেশীয় মৌসুমি ফল। আগত বন্ধুরা ফলগুলোর ছবি তুলে মুঠোফোনে স্মৃতি ধরে রাখছিলেন, কিন্তু ফল খাওয়ার অনুমতি তখনো মেলেনি। দুই সঞ্চালক উৎসব শুরুর ঘোষণা দিলে সবাই সাজানো চেয়ারে বসে পড়েন।
উৎসবের আনুষ্ঠানিক শুরু ও শুভেচ্ছা বক্তব্য
আনুষ্ঠানিকভাবে শুরু হয় ঢাবি বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভার ফল উৎসব ২০২৬। স্বাগত বক্তব্য দেন ঢাবি বন্ধুসভার সাধারণ সম্পাদক আহসান হাবীব আসিফ। সঞ্চালনায় ছিলেন ঢাবি বন্ধুসভার বইমেলা সম্পাদক তাসকিন ফায়েজীন ও পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মেহেরাজ হাসান। একে একে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা, উপদেষ্টা আশিকুজ্জামান অভি এবং ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট।
২৫ ধরনের দেশীয় ফল ও সাংস্কৃতিক পরিবেশনা
উৎসবে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, সফেদা, আঙুরসহ প্রায় ২৫ ধরনের দেশীয় মৌসুমি ফল ছিল। পাশাপাশি বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও একটি রম্য বিতর্ক উৎসবকে প্রাণবন্ত করে তোলে। সংগীত পরিবেশনায় ছিলেন বন্ধু মেহেরাজ হাসান, নাফিস আহনাফ, ঢাবি বন্ধুসভার সহসভাপতি সাইদুর রহমান, সভাপতি ইফাদ হাসান ও ঢাকা মহানগর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান।
রম্য বিতর্ক ও পুরস্কার বিতরণ
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল রম্য বিতর্ক। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। আমের ভূমিকায় নাফিস আহনাফ, ডাবের ভূমিকায় তাসকিন ফায়েজীন, তরমুজের ভূমিকায় নাফি বিন মামুন এবং কাঁঠালের ভূমিকায় ছিলেন নবনীতা চক্রবর্তী। অনুষ্ঠান শেষে ‘মায়ের ভাষায় মাকে চিঠি লেখা’ ও ‘স্বরচিত কবিতা লেখা’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এরপর সবাই ফল খাওয়ার উৎসবে মেতে ওঠেন।
সমাপনী বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ইফাদ হাসান জানান, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে তাঁরা সক্রিয় থাকবেন। বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘আমরা চাই ঢাবি বন্ধুসভা গঠনমূলক বিভিন্ন কাজ করুক। সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও নজর দিতে হবে। আশা করি, তারা আগামীতে আরও বড় আয়োজন করবে।’



