গরুর মাংস রান্না করায় উত্তরপ্রদেশে তিন নারী গ্রেপ্তার
গরুর মাংস রান্না করায় উত্তরপ্রদেশে গ্রেপ্তার ৩ নারী

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্না করার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনার বিবরণ

গত বুধবার পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যায়। এ সময় তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

উদ্ধারকৃত মাংস ও আইনি ব্যবস্থা

ঘটনাস্থল থেকে একটি পাতিলে রান্না করা মাংস এবং পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়। পুলিশের এসপি অভিষেক সিং জানান, ‘আমরা তিন নারীকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের সময় তারা জানান মাংসগুলো গরুর ছিল এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য এক সদস্য এগুলো এনেছেন। আমরা মাংসগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠিয়েছি এবং ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেপ্তার তিন নারীর বিরুদ্ধে উত্তর প্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা করা হয়েছে। তাদের পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়েছে।

আরও তদন্ত

পুলিশের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গরুর মাংস কোথা থেকে আনা হয়েছে তা খুঁজে বের করতে আলাদা তদন্ত করা হবে। এছাড়া পরিবারটি আগেও গরুর মাংস কিনেছিল কিনা সেটিও খতিয়ে দেখা হবে। পুলিশ তিন নারীর স্বামী ও তাদের এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা করছে। ওই আত্মীয় মুম্বাইয়ে কাজ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ