কিছু কিছু আম খাওয়ার পর, নিজে গিয়ে দেখা করে আমগাছকে ধন্যবাদ দিয়ে আসতে মন চায়। সে কি নিজে জানে, সে কী অমর সৃষ্টি করেছে? সে রকম ছয়টি অমর সৃষ্টি হিমসাগর আম খাওয়ার পর মনে হলো, খুব কি বেশি খেয়ে ফেলছি? না তো! জার্মান বনাম ব্রাজিলের ঐতিহাসিক ম্যাচটি স্মরণ করে আরেকটি খাওয়া যায়, দানে দানে সাতটি। এটাই লাস্ট আর কোনো কথা নেই। ফুল স্টপ।
সাদা আমের দীর্ঘশ্বাস
আম তো খেয়েছিই, আটিটা একদম সাদা করে ফেলেছি। কোথাও একটুও লাল বা হলদে আম লেগে নেই। কিন্তু বুকের মধ্যে বন্ধু হলুদ একটা আমের দীর্ঘশ্বাস। মনে হচ্ছে এমন আম আরেকটি না খেলে আমি মরে যাব। এই যে বুকের ভেতরে চিনচিন ব্যথা করছে, অ্যাম্বুলেন্স ডাকো, নইলে আম দাও। কী হবে হিসাব করে? দুই দিনের দুনিয়ায় না হয় খাই আটটি আম। শবনম ফারিহা একবার আটটি আম খেয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন। তাছাড়া আম খেলে ঘুম ভালো হয়, তাই লাস্ট আমটি খেয়েই আজকের মতো ইস্তফা, তারপর দিমু একটা ঘুম। কথা দিলাম।
বিধাতার খেলা আর জহুরি আমের স্বাদ
কিন্তু এটা বিধাতা আমার সাথে কী খেলা শুরু করলেন? তিনি কি জানতেন না এটাই আমার শেষ আম? তাহলে কেন শেষ দানে এমন টক আম আমার ভাগ্যে রেখেছেন? যেখানে একটি সুমিষ্ট আমই কেবল শেষ আম হওয়ার যোগ্যতা রাখে, সেখানে আর কিছু বিবেচ্য বিষয় নয় । তাই ফ্রিজ থেকে জহুরির চোখ দিয়ে বাছাই করে আরেকটি আম নিলাম। এটাই শেষ সুযোগ কিন্তু। কেটে মুখে দিতেই বুঝলাম, এমন আম ইহজনমেও খাই নাই! আগের আটটি আম এই আমের কাছে জাস্ট শিশু। এই আমগাছকে ধন্যবাদ স্যালুট দিয়ে ছোট না করে বড় রাষ্ট্রীয় একটা গণসংবর্ধনা দেওয়া উচিত, একটা আমগাছ কতটা প্যাশনেট হলে এ রকম আম ফলায়। ভাবতে ভাবতে আবিষ্কার করলাম, আমি আরেকটি আম ইতিমধ্যে কেটে ফেলেছি এবং মুখে দিয়েই বুঝলাম একদম উচিত হয়নি।
হিমপুষ্কুনি আর শেষ আমের প্রশ্ন
বেশ পানসে, এই আমকে হিমসাগর না বলে বলা উচিত হিমপুষ্কুনি। হিমপুষ্কুনি খাওয়ার পর সেই ঐতিহাসিক প্রশ্নটা আবার সামনে চলে আসে, যেখানে একটি সুমিষ্ট আমই কেবল শেষ আম হওয়ার যোগ্যতা রাখে, সেখানে একটি পানসে আম কি কখনোই শেষ আম হতে পারে? কখনোই না। তাই আবার খুব সাবধানে আরেকটি আম বাছাই করলাম। আমটিকে হতে হবে যোগ্য এবং খুব মিষ্টি। কারণ, একটি সুমিষ্ট আমই কেবল...নইলে…অদ্ভুত! অসাধারণ। খুশিতে আরবি ধারাভাষ্য দিতে ইচ্ছা হচ্ছে। এটা কি আম নাকি সরাসরি বেহশেত থেকে পাঠানো কোনো ফল? আমার উচিত এই আমটি শেষ করে, আরও দুটি আম সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের বাসে চেপে সরাসরি এই গাছটির কাছে চলে যাওয়া। গিয়ে বলা, বাবা আমি আপনার মুরিদ, আমাকে গ্রহণ করুন। সারা জীবন আপনার ছায়ায় থাকব আর আপনার আম খাব। আর কিছুই আমার মুখে রুচবে না।
শেষ ড্যান্সের টক আম
সেটা না করে আমি যেটা করলাম, আরেকটি মাল মানে আম নিলাম। কসম, এটাই শেষ। দ্য লাস্ট ড্যান্স! কিন্তু ভাগ্যটা আমার খারাপ, আমটি টক। ফলে… কেবল একটি... নইলে…
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রস+আলো থেকে আরও পড়ুন।



