ঘরেই বানান সুস্বাদু থ্রি মিল্ক কেক
ঘরেই বানান সুস্বাদু থ্রি মিল্ক কেক

অতিথি আপ্যায়ন, জন্মদিন কিংবা যেকোনো বিশেষ আয়োজনে ঘরে বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু ও নরম তুলতুলে একটি ডেজার্ট ‘থ্রি মিল্ক কেক’। স্পঞ্জ কেক, দুধ আর হালকা হুইপড ক্রিমের অসাধারণ মেলবন্ধনেই তৈরি হয় জনপ্রিয় এই কেক। এই সুস্বাদু মিল্ক কেক খুব সহজেই ঘরেই তৈরি করা যায়।

প্রয়োজনীয় উপকরণ

  • স্পঞ্জ কেক – ৮–১০ টুকরা
  • তরল দুধ – এক কাপ (৩৫০ মিলি)
  • কন্ডেন্সড মিল্ক – আধা টিন (১৬০ মিলি)
  • ঘন ক্রিম – এক প্যাকেট (১৬০ গ্রাম)
  • এলাচ গুঁড়ো – ১/৪ চা-চামচ
  • হুইপড ক্রিম – ২০০ মিলি (প্রায় দুই কাপ)
  • বাদাম কুচি – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে তরল দুধ, কন্ডেন্সড মিল্ক এবং ঘন ক্রিম একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে এলাচ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।

এবার একটি সার্ভিং ডিশ বা পাত্রে কেকের টুকরাগুলো বিছিয়ে দিন। এর ওপর অর্ধেক দুধের মিশ্রণ ঢেলে দিন। তারপর আবার এক স্তর কেক বিছিয়ে বাকি দুধের মিশ্রণটি ঢেলে দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এভাবে ১–২ ঘণ্টা রেখে দিন, যাতে কেকগুলো দুধের মিশ্রণ ভালোভাবে শুষে নিয়ে নরম ও ফুলে ওঠে।

সাজানো ও পরিবেশন

কেকগুলো ভালোভাবে ভিজে গেলে ওপর থেকে হুইপড ক্রিম সমান করে ছড়িয়ে দিন। এরপর বাদাম কুচি ছিটিয়ে সাজিয়ে নিন। পরিবেশনের আগে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু ‘থ্রি মিল্ক কেক’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ