গরমে শসা কেন অপরিহার্য?
তীব্র তাপদাহে শরীরকে সতেজ রাখতে পুষ্টিবিদরা নিয়মিত শসা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে, এই মৌসুমে শসা অন্যতম সেরা একটি খাবার। উচ্চ পানির পরিমাণ এবং একাধিক পুষ্টিগুণের কারণে গরমের সময়ে শসা খাওয়া অত্যন্ত জরুরি।
পানির ঘাটতি পূরণে শসার ভূমিকা
শসায় প্রায় ৯৫ শতাংশেরও বেশি পানি থাকে, যা শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে দারুণ কার্যকর। এছাড়া এতে থাকা গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট গরমে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা প্রতিরোধ করে। নিয়মিত পর্যাপ্ত পানি ও শসা খেলে হজমপ্রক্রিয়া ভালো থাকে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
রোগ প্রতিরোধে পুষ্টি উপাদানের উৎস
শসায় রয়েছে ফ্ল্যাভোনয়েড, ট্যানিন এবং পলিফেনলের মতো প্রচুর পরিমাণে জৈবিকভাবে সক্রিয় উপাদান। এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি (প্রদাহরোধী) গুণাগুণ রয়েছে, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহের বিরুদ্ধে লড়াই করে। ফলে দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের ঝুঁকি কমে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয়।
ত্বকের সুরক্ষা ও যত্ন
ত্বকের যত্নে শসার ভূমিকা অনন্য। এটি ত্বককে শীতল রাখে এবং এর প্রদাহরোধী উপাদান ত্বকের জ্বালাপোড়া ও ফোলাভাব কমাতে সাহায্য করে। পুষ্টিবিদদের মতে, শসা খেলে কিংবা ত্বকে ব্যবহার করলে রোদে পোড়া ভাব (সানবার্ন) দ্রুত দূর হয়। এতে থাকা পটাশিয়াম ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণ ও হজমশক্তি বৃদ্ধি
ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে শসা অত্যন্ত কার্যকরী একটি খাবার। প্রতি ১০০ গ্রাম শসায় মাত্র ১৬ ক্যালোরি থাকে, যার ফলে এটি একটি আদর্শ লো-ক্যালোরি স্ন্যাক্স। এর পাশাপাশি শসায় থাকা ফাইবার বা আঁশ হজমপ্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখার অনুভূতি দেয়।
শরীর থেকে বর্জ্য অপসারণ
উচ্চ পানির পরিমাণ এবং প্রাকৃতিক মূত্রবর্ধক (ডায়ুরেটিক) গুণের কারণে শসা শরীর থেকে ক্ষতিকর বর্জ্য ও টক্সিন বের করে দিতে সাহায্য করে। এটি কিডনির কার্যকারিতাকে সচল রাখে। এছাড়া শসায় ‘কুকুরবিটাসিন’-এর মতো উপকারী উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
প্রাকৃতিক শক্তির জোগান ও মুখের স্বাস্থ্য রক্ষা
শসায় পানি এবং পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজের পাশাপাশি রয়েছে ভিটামিন-বি (যেমন: বি১, বি৫ এবং বি৭)। এই উপাদানগুলো সারাদিন শরীরে শক্তির মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া, মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে ওরাল হেলথ বা মুখের স্বাস্থ্য সুরক্ষায় শসা ভূমিকা রাখে। শসার টুকরো চিবিয়ে খেলে মুখে লালা উৎপাদন বাড়ে, যা মুখের ভেতরের খাদ্যকণা পরিষ্কার করতে সাহায্য করে।
সুতরাং, এই তীব্র গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সতেজ রাখতে এবং নানাবিধ রোগবালাই থেকে দূরে থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় শসা রাখা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। সূত্র: সামা টিভি



