আল্লাহওয়ালাদের জীবনে ফুটে ওঠে ১০টি নিদর্শন
আল্লাহওয়ালাদের জীবনে ফুটে ওঠে ১০ নিদর্শন

আল্লাহর বিশেষ অনুগ্রহ ও কল্যাণ লাভ করা প্রতিটি মুমিনের সবচেয়ে বড় কামনা। কিন্তু আল্লাহর রহমত সব সময় সম্পদ, আরাম-আয়েশ বা বাহ্যিক সফলতার মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় পরীক্ষা, কষ্ট, তৌফিক, ইমান, তাকওয়া এবং নেক আমলের সুযোগই হয়ে ওঠে আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন। কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা একজন বান্দার প্রতি আল্লাহর কল্যাণকামিতার ইঙ্গিত বহন করে।

মৃত্যুর আগে নেক আমলের তৌফিক

আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে মৃত্যুর আগে সৎকাজ করার সুযোগ করে দেন এবং উত্তম অবস্থায় তার কাছে ফিরিয়ে নেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—'আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তাকে (নেক কাজে) নিয়োজিত করেন।' সাহাবিরা জিজ্ঞাসা করলেন, কীভাবে? তিনি বলেন—'আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে সৎকাজের তৌফিক দান করেন। এরপর সেই নেক আমলের অবস্থায়ই তার মৃত্যু ঘটান।' (তিরমিজি ২১৪২)

ইসলামের জন্য হৃদয় উন্মুক্ত করা

আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, তার হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন—'আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন।' (সুরা আল-আনআম: আয়াত ১২৫)

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিপদ-আপদের মাধ্যমে সতর্কতা

মুমিনের জীবনের অনেক বিপদই আল্লাহর পক্ষ থেকে সতর্কতা, শিক্ষা এবং তাঁর দিকে ফিরে আসার সুযোগ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—'আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি বিপদ-আপদে পরীক্ষা করেন।' (বুখারি ৫৬৪৫)

পরীক্ষা ও কষ্টের মাধ্যমে পরিশুদ্ধি

পরীক্ষা মুমিনের গুনাহ মোচন করে এবং তার মর্যাদা বৃদ্ধি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—'মুসলিমের ওপর যে ক্লান্তি, কষ্ট, দুঃখ, রোগ কিংবা দুশ্চিন্তাই আসে, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন।' (বুখারি ৫৬৪১, মুসলিম ২৫৭৩)

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাকওয়ার পথে পরিচালনা

তাকওয়াই আল্লাহর নিকট মর্যাদার প্রকৃত মানদণ্ড। আল্লাহ তাআলা বলেন—'নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি, যে সবচেয়ে বেশি তাকওয়াবান।' (সুরা আল-হুজুরাত: আয়াত ১৩)

সত্যবাদী ও নেককার সঙ্গী দান

সৎ মানুষের সঙ্গ ইমানকে শক্তিশালী করে এবং নেক আমলে উৎসাহ দেয়। আল্লাহ তাআলা বলেন—'হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাক।' (সুরা আত-তাওবা: আয়াত ১১৯)

দ্বীনের জ্ঞান দান

দ্বীনের সঠিক জ্ঞান আল্লাহর বিশেষ অনুগ্রহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—'আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন।' (বুখারি ৭১, মুসলিম ১০৩৭)

অন্তরে প্রকৃত প্রশান্তি

প্রকৃত শান্তি ধন-সম্পদে নয়, আল্লাহর স্মরণে। আল্লাহ তাআলা বলেন—'জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে।' (সুরা আর-রা'দ: আয়াত ২৮)

সম্পদ, সন্তান ও নিজের মাধ্যমে পরীক্ষা

আল্লাহ অনেক সময় বান্দাকে তার সম্পদ, সন্তান কিংবা নিজের জীবন দিয়েও পরীক্ষা করেন, যাতে তার ইমানের দৃঢ়তা প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন—'আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে।' (সুরা আল-বাকারা: আয়াত ১৫৫)

অন্তরে বিনয় ও নম্রতা

নম্রতা একজন মুমিনের সৌন্দর্য এবং আল্লাহর প্রিয় গুণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—'যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন।' (মুসলিম ২৫৮৮)

আল্লাহর কল্যাণ সব সময় বাহ্যিক সুখ-স্বাচ্ছন্দ্যের মাধ্যমে প্রকাশ পায় না। অনেক সময় নেক আমলের তাওফিক, ইমানের দৃঢ়তা, দ্বীনের জ্ঞান, তাকওয়া, সৎ সঙ্গ, হৃদয়ের প্রশান্তি, বিনয় এবং ধৈর্যের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে তার বিশেষ রহমত। তাই একজন মুমিনের উচিত শুধু দুনিয়ার আরাম কামনা না করে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতাকে জীবনের প্রধান লক্ষ্য বানানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ও প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।