বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নাকে নিয়ে পুরোনো এক মজার ঘটনা আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ করেছিলেন টুইঙ্কল নিজেই, ২০১৫ সালে তাঁর বই ‘মিসেস ফানিবোনস’-এর প্রকাশনা অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান ও করণ জোহর।
আমির খানের কাছে প্রশ্ন
আলোচনার এক পর্যায়ে করণ জোহর আমিরকে প্রশ্ন করেন, টুইঙ্কলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল এবং তিনি তাঁকে ভালো অভিনেত্রী মনে করতেন কি না? আমির উত্তর দেওয়ার আগেই টুইঙ্কল হাসতে হাসতে একটি ঘটনা স্মরণ করেন। তিনি বলেন, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেলা’ ছবির শুটিং চলাকালে একদিন আমির তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কী করছ? কাজে মন দিচ্ছ না কেন?’ জবাবে টুইঙ্কল নাকি বলেছিলেন, ‘আমি অক্ষয়কে নিয়ে ভাবছি।’
আমিরের প্রতিক্রিয়া
এ কথা শুনে আমির এতটাই বিস্মিত হয়েছিলেন যে টুইঙ্কলের ভাষায়, ‘ও প্রায় আমাকে চড় মারতে যাচ্ছিল! এখনো মনে আছে, আমরা তখন আউটডোর শুটিং করছিলাম।’ তবে ঘটনাটি শুনে আমির খান নিজেই অবাক হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে বলেন, ‘আমি কি সত্যিই এমন করেছিলাম? না, আমার তো মনে হয় না আমি এভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম।’ টুইঙ্কল তখন ব্যাখ্যা করে বলেন, আসলে আমির চড় মারেননি, কিন্তু তাঁর মুখের অভিব্যক্তি ছিল এমন যেন তিনি ভীষণ হতাশ ও বিরক্ত হয়েছিলেন।
আমিরের মন্তব্য
আলোচনার সময় আমিরও টুইঙ্কলকে নিয়ে মজার মন্তব্য করেন। তিনি বলেন, টুইঙ্কলের অসাধারণ প্রতিভাগুলোর মধ্যে একটি হলো মানুষকে খোঁচা দেওয়া। আমিরের ভাষায়, ‘আমি যত দিন ধরে ওকে চিনি, তত দিন ধরে ও আমাকে অপমান করেই যাচ্ছে। এ ব্যাপারে সে সত্যিই বিশেষজ্ঞ।’
টুইঙ্কলের পাল্টা স্মৃতি
জবাবে টুইঙ্কলও ছাড় দেওয়ার পাত্রী ছিলেন না। তিনি ‘মেলা’ ছবির শুটিংয়ের আরেকটি স্মৃতি তুলে ধরেন। তাঁর দাবি, একবার কোনো দৃশ্য নিয়ে পরিচালকের সঙ্গে মতবিরোধ হওয়ার পর আমির এতটাই কষ্ট পেয়েছিলেন যে একটি বড় পাথরের আড়ালে বসে কাঁদছিলেন। এ কথা শুনে আমির মজা করে বলেন, ‘দেখুন, ও আবার শুরু করেছে!’
শেষ পর্যন্ত প্রশংসা
তবে শেষ পর্যন্ত আমির টুইঙ্কলের প্রশংসাই করেন। তিনি বলেন, পর্দায় যতটা সরল মনে হতো, বাস্তবে টুইঙ্কল তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, রসিক এবং মানুষের আচরণ ও সম্পর্ক বুঝতে পারদর্শী। টুইঙ্কল খান্না ২০০১ সালে অভিনয় ছেড়ে লেখক হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।



