বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এখন আর আগের মতো অভিনয়ে সক্রিয় নন। নব্বই দশকের এই সুপারস্টার এখন পর্দার আড়ালে চলে গেছেন এবং তাকে মূলত পার্টি ও অনুষ্ঠানেই দেখা যায়। অন্যদিকে, তার স্ত্রী সুনীতা আহুজা প্রায়শই সামাজিক মাধ্যমে স্বামীকে নিয়ে মন্তব্য করে আলোচনায় থাকেন।
সুনীতার বিস্ফোরক সাক্ষাৎকার
সম্প্রতি অভিষেক ব্যাসের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা বলেন, গোবিন্দ স্বামী হিসেবে ভালো উদাহরণ নন। তিনি বলেন, 'ও একজন ভালো ছেলে, চমৎকার ভাই; কিন্তু স্বামী নয়। স্বামী হিসেবে আমার যা প্রয়োজন তা পাইনি। আমার পার্টি করা, বাইরে খেতে যাওয়া, ছুটিতে বেড়াতে যাওয়ার মতো ছোটখাটো শখ আছে, কিন্তু ওর জীবনটা পরিবারের সেবায় উৎসর্গিত। ওর বয়স ৬০ বছর অথচ ও নিজের জন্য বাঁচেনি। ও আমাকে দুঃখ দেয়।'
গোবিন্দের প্রতি ক্ষোভ
সুনীতা আরও বলেন, 'আপনি তো এত বড় সুপারস্টার, জীবনে দেখেছেন নাকি? আমি কিছুই দেখিনি। আমি গোবিন্দের মতো ছেলে চাই, স্বামী নয়। এখন আফসোস করে কী লাভ? এখন তো আর ছেড়ে যেতে পারবেন না, তাই না? ৪০ বছর কেটে গেছে, আর এখন এসব ভাবাটাও একটা অপরাধ।'
গোবিন্দ ও সুনীতার বিবাহ
১৯৮৭ সালের মার্চ মাসে নিভৃতে গোবিন্দ ও সুনীতার বিয়ে হয়। তখন গোবিন্দ চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। বেশ কয়েক বছর তারা বিয়ে গোপন রেখেছিলেন এবং মেয়ের জন্মের পর তা প্রকাশ করেন। তাদের দুই সন্তান—মেয়ে টিনা আহুজা, যিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত, এবং ছেলে যশবর্ধন আহুজা, যিনি বলিউডে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।



