গ্র্যামিজয়ী মার্কিন র্যাপার মেগান থি স্ট্যালিয়ন তার প্রেমিক বাস্কেটবল তারকা ক্লে থম্পসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। প্রেমিকের বিরুদ্ধে অবিশ্বস্ততা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে এক বছরের প্রেমের সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন তিনি।
বিচ্ছেদের কারণ
বিচ্ছেদের খবর নিশ্চিত করে মেগান বলেন, সম্পর্কে পারস্পরিক সম্মান ও বিশ্বস্ততা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন এই জায়গাগুলোতে ফাটল ধরে, তখন আর একসঙ্গে থাকা সম্ভব নয়। নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে তিনি দাবি করেন, ক্লে থম্পসন তার সঙ্গে প্রতারণা করেছেন। এমনকি ক্লে তার পরিবারের সঙ্গে মেগানের পরিচয় করিয়ে দেওয়ার পরও অন্য নারীর প্রতি আসক্ত ছিলেন বলে অভিযোগ করেন এই র্যাপার।
ক্ষোভ প্রকাশ
ক্ষোভ প্রকাশ করে মেগান জানান, বাস্কেটবল মৌসুমের সময় ক্লের খামখেয়ালি আচরণ ও বাজে মেজাজ সত্ত্বেও তিনি সব সময় তাকে সমর্থন দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ক্লে তার প্রতি ‘একনিষ্ঠ’ থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করায় মেগান এই কঠোর সিদ্ধান্ত নেন। মেগান বলেন, ‘প্রতারণা করে আমাকে তোমার পরিবারের সঙ্গে ঘর-সংসার সাজানোর স্বপ্ন দেখালে, আর শেষ মুহূর্তে পিছিয়ে গেলে।’
প্রেমের শুরু ও প্রকাশ
গত বছরের মাঝামাঝি সময়ে মেগান ও ক্লে থম্পসনের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর গত ১৬ জুলাই নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে তাদের প্রথমবার একসঙ্গে রেড কার্পেটে দেখা যায়। সেখানে মেগান ক্লের ভূয়সী প্রশংসাও করেছিলেন।



