দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠির বিয়ের গুঞ্জন আবারও ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরেই এই নায়িকার বিয়ে নিয়ে নানা জল্পনা চলছে। এমনকি, কিছুদিন আগে খবর ছড়িয়েছিল যে তিনি অভিনেতা প্রভাসকে বিয়ে করবেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন আনুশকা। কিন্তু নতুন করে শুরু হওয়া আলোচনায় প্রশ্ন উঠছে—এবার কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী?
পরিবারের চাপে সায়
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, আনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে যে তিনি বিয়েতে সম্মতি দিয়েছেন। দীর্ঘদিন ধরেই পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। অবশেষে সেই সিদ্ধান্তেই তিনি সায় দিয়েছেন বলে জানা গেছে। এর আগে গুঞ্জন উঠেছিল যে তিনি এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং তাকেই বিয়ে করবেন। তবে এবার শোনা যাচ্ছে, ‘বাহুবলী’খ্যাত এই তারকা এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন।
শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা
সূত্রের বরাতে জানা গেছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দুই পরিবারেই নাকি বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গত মার্চ মাসে বিয়ের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন আনুশকা। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, বারবার তার বয়স—৪৪ বছর—নিয়ে আলোচনা করা হচ্ছে, যা অপ্রাসঙ্গিক। সেখানে প্রশ্ন তোলা হয়, ‘৪৪ বছর বয়সে বিয়ে করা কি কোনো অস্বাভাবিক বিষয়? পুরুষদের ক্ষেত্রে কেন এই প্রশ্ন ওঠে না?’ সেই সময় বিয়ের খবর নাকচ করলেও নতুন করে শুরু হওয়া জল্পনায় অনুরাগীদের ধারণা—হয়তো এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আনুশকা শেঠি।



