রাজশাহী বন্ধুসভার নজরুল বর্ষপূর্তি অনুষ্ঠান
রাজশাহী বন্ধুসভায় নজরুল বর্ষপূর্তি উদযাপন

রাজশাহী বন্ধুসভার নজরুল বর্ষপূর্তি উদযাপন

বাংলাদেশ সরকার ২০২৬–২৭ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে, রাজশাহী বন্ধুসভা ২০ জুন বিকেলে ম্যাজিক লণ্ঠন স্কুলে (চৌদ্দপাই, বুধপাড়া, রাজশাহী) এক বর্ণাঢ্য নজরুল বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে। এই আয়োজনে নজরুলপ্রেমী বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, চিন্তাধারা ও সৃষ্টিশীলতা নিয়ে জ্ঞানচর্চা, আবেগ এবং জানা-অজানা নানা বিষয়ের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

উপস্থিত বন্ধুরা ও সূচনা বক্তব্য

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সহসভাপতি পরওয়ার হোসেন, সহসভাপতি তাহমিনা আক্তার, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, অর্থ সম্পাদক নিশাত তাসনিম ও তাঁর মা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইফরান নাসরিন, ম্যাগাজিন সম্পাদক মৌ রানী সাহা, বন্ধু শফিকুল ইসলাম, নাহিদ হাসান, মালিহা ফারজানা ও তাঁর বাবা রাকিব হাসান, আরিফুল ইসলাম, মাহাফুজ রহমান, মুক্তাদির বাঁধন, অলক চন্দ্র বর্মণসহ আরও অনেকে। সূচনা বক্তব্য দেন সহসভাপতি পরওয়ার হোসেন ও তাহমিনা আক্তার। সাধারণ সম্পাদক ইসরাত জাহানও গুরুত্বপূর্ণ কথা বলেন।

আলোচনা পর্ব ও সাংস্কৃতিক পরিবেশনা

আলোচনা পর্বে নাহিদ হাসান, রাকিব হাসান ও শফিকুল ইসলাম কবি নজরুলের জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে নানা জানা-অজানা তথ্য বন্ধুদের সামনে তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত সবাই তাঁদের প্রিয় নজরুল-রচনা, কবিতা ও গান নিয়ে অনুভূতি ভাগাভাগি করেন। এই প্রাণবন্ত আলাপচারিতা অনুষ্ঠানের শুরুতেই উষ্ণ ও আন্তরিক পরিবেশ তৈরি করে। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। কার্যনির্বাহী সদস্য মালিহা ফারজানা পরিবেশন করেন ‘মধুর মধুর বাঁশরি বাজে’ ও ‘বুলবুলি নীরব নার্গিস বনে’ গান। নাহিদ হাসান পরিবেশন করেন ‘আমার যাবার সময় হলো’, এবং সহসভাপতি পরওয়ার হোসেন পরিবেশন করেন নজরুলগীতি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কবিতা আবৃত্তি ও চা-আড্ডা

পরবর্তী সময়ে শুরু হয় কবিতা আবৃত্তি পর্ব। নজরুলপ্রেমী রাকিব হাসান কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তাঁর নিজের লেখা কবিতা ‘নজরুল’ আবৃত্তি করেন। এরপর পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইফরান নাসরিন আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের জনপ্রিয় কবিতা ‘লিচু চোর’। সর্বশেষ নাহিদ হাসানের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি ঘটে। সাংস্কৃতিক পর্ব শেষে শুরু হয় চা-আড্ডা। এ পর্বে অর্থ সম্পাদক নিশাত তাসনিম নিয়ে আসেন তাঁর নিজ হাতে তৈরি চিকেন রোল ও শিঙাড়া। ইফরান নাসরিন নিয়ে আসেন মালাই কেক ও পুডিং। তাহমিনা আক্তার নিয়ে আসেন তাঁর মায়ের তৈরি বিশেষ চা। ম্যাগাজিন সম্পাদক মৌ রানী সাহা পরিবেশন করেন তাঁর তৈরি লুচি, সবজি ও ডাল। বন্ধুদের নিজ হাতে তৈরি এসব খাবার চা-আড্ডাকে করে তোলে আরও অর্থবহ, ঘরোয়া ও আন্তরিকতায় পরিপূর্ণ।

সমাপ্তি ও মতামত

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবার কাছ থেকে আয়োজন সম্পর্কে মতামত নেওয়া হয়। সবার ইতিবাচক অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, রাজশাহী বন্ধুসভা এই আয়োজনের সার্বিক সমন্বয় করেন।