সাড়াজাগানো নাটক ‘এটা আমাদেরই গল্প’–এর দুই চরিত্র সামির ও মেহরীন। খায়রুল বাসারের পোস্ট করা ছবিতে তাঁদের দেখা গেল আর্জেন্টিনার জার্সি গায়ে। সেই ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক ভক্তদের ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখছেন, ‘এটা নাটকের শুটিংয়ের ছবি।’ কেউ লিখেছেন, ‘তাঁরা আর্জেন্টিনার সমর্থক, প্রিয় দলকে একসঙ্গে সমর্থন দিতেই আর্জেন্টিনার জার্সি গায়ে ফটোশুট করেছেন।’
ছবি পোস্ট করে খায়রুল বাসারের মন্তব্য
খায়রুল বাসার ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সামির মেহরীনের যৌথ সমর্থনে এগিয়ে যাবে আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা।’ তাঁর এই পোস্টে তানভীর হেলাল নামের একজন মন্তব্য করেছেন, ‘বাসার ভাই, ‘‘এটা আমাদেরই গল্প’’ থেকে দেখি এখন এটা আর্জেন্টিনার গল্প হয়ে গেল।’ উজ্জ্বল কবির নামের এক ব্রাজিল সমর্থক লিখেছেন, ‘কাহিনি কেমন জানি মনে হচ্ছে ভাই। আমি ব্রাজিল সমর্থক। আর্জেন্টিনাকে শুভকামনা না দিতে পারলেও আপনাদের জন্য শুভকামনা রইল।’
খায়রুল বাসারের পছন্দের দল আর্জেন্টিনা
খায়রুল বাসারের পছন্দের দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘মূলত নাটকে দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছিলেন। সেই জায়গা থেকেই দর্শকদের জন্য এমন ছবি পোস্ট করেছি। কারণ, আমরা দুজনই একসঙ্গে আর্জেন্টিনার সমর্থক। এটাও ভক্তদের ভালো লাগবে, এই কারণেই ছবিটি পোস্ট করা।’
ছবিটি এআই দিয়ে তৈরি বললেন কেয়া পায়েল
বুঝতে শেখার পর থেকেই আর্জেন্টিনার সমর্থক কেয়া পায়েল। ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আপনার ছবি’ শুনেই হেসে জানতে চাইলেন কোনো ছবি। পরে বললেন, ‘আমরা দুজনই আর্জেন্টিনা সমর্থক। আমাদের পছন্দের দল। আর এটা আসলে একসঙ্গে ফ্রেমবন্দী করা কোনো ছবি নয়। এটা এআই দিয়ে বানানো।’
প্রিয় দলকে সমর্থনে ফেসবুকে সরব পায়েল
প্রিয় দলকে সমর্থন নিয়ে ফেসবুকে বেশ সরব পায়েল। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার আগেই ফেসবুকে ভক্তদের জানিয়ে দেন, তিনি কোন দলের সমর্থক। সেই সময় তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনার সমর্থকগুলো গেল কই।’ এমন পোস্টে ২ লাখ ৬০ হাজার রিঅ্যাক্ট দিয়েছেন ভক্তরা। ২১ হাজার মন্তব্যে ভক্তরা জানিয়ে দেন, সমর্থনে তাঁর সঙ্গে রয়েছেন। আর্জেন্টিনার জয়ের পরও একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন পায়েল।
খায়রুল বাসারের আর্জেন্টিনা সমর্থন
অন্যদিকে খায়রুল বাসারও বিশ্বকাপ শুরু হওয়ার বেশ আগেই আর্জেন্টিনার জার্সি গায়ে ভক্তদের জানিয়ে দেন প্রিয় দলকে সমর্থনের কথা। সেই সময় তিনি লিখেছিলেন, ‘খেলা যত নিকটে আসছে, ততই নাকি কাঁপন ধরছে আর্জেন্টাইন সমর্থকদের! আমার প্রশ্ন খেলা শুরু হচ্ছে সকাল কয়টায়? এই সময়টায় এই সংখ্যাটা যাদের তাড়া করে বেড়াচ্ছে, তাদের মনের কাঁপন আমাদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। সাধু সাবধান! যা–ই হোক, সবাইকে খেলা দেখার আমন্ত্রণ। জার্সি দুই তারকা, তিন তারকা সবই পরছি, সামনে চার তারকা পরব।’



