দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো’। আর এই আয়োজনকে ঘিরে সবচেয়ে বড় সুখবর হলো—গত বছর স্থগিত হওয়া কনসার্টের টিকিট এখনও বৈধ থাকছে।
পুরোনো টিকিটের বৈধতা ও রিফান্ড প্রক্রিয়া
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক জানিয়েছে, ২০২৫ সালের কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করলে যাচাই শেষে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তা পৌঁছে দেওয়া হবে।
এ ছাড়া যারা টিকিট ফেরতের আবেদন করেছিলেন কিন্তু এখনো রিফান্ড পাননি, তারাও আবেদন প্রত্যাহার করে টিকিট পুনরুদ্ধারের সুযোগ পাবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও নতুন টিকিট ইস্যু করা হবে।
স্থগিত হওয়ার পটভূমি
গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি, মঞ্চ নির্মাণসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
তখন আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়; পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও তার ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, তিনি আবারও বাংলাদেশে ফিরবেন এবং আগের কনসার্টের টিকিট পুনর্নির্ধারিত আয়োজনের জন্য বৈধ থাকবে।
নতুন আয়োজনের প্রস্তুতি ও ভেন্যু
সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই আগামী ২৪ জুলাই কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের ভাষ্য, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র এবং অন্যান্য আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।
মেইন স্টেজ ইনকের পরিচালক কাজী রাফসান বলেন, “গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ২৪ জুলাই আমরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টি পূর্ণতা দিতে চাই।”
নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে বলেও জানিয়েছে আয়োজকরা। টিকিটের মূল্য, ক্যাটাগরি, বিক্রির তারিখ এবং কনসার্টের ভেন্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।



