আষাঢ় মাসের আবহে কোক স্টুডিও বাংলা চতুর্থ মৌসুমের নতুন গান ‘মেঘ’ প্রকাশ করছে। আজ রোববার সন্ধ্যায় গানটি প্রকাশিত হবে। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি।
শাস্ত্রীয় রাগের অনুপ্রেরণা
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষার সঙ্গে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি হয়েছে। এতে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, নতুন শুরুর আশা ও জীবনের পুনর্জাগরণের অনুভূতি উঠে এসেছে। বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের মেলবন্ধন ঘটানো হয়েছে গানটিতে।
রবীন্দ্রনাথের সাহিত্য ও আধুনিক কথ্য ভাষা
রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে আধুনিক কথ্য ভাষার সংযোজনে গানটি পরিচিত ভাবনাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে।
চতুর্থ মৌসুমের যাত্রা
২৩ জুন ‘রুম ঝুম’ গানের মাধ্যমে চতুর্থ মৌসুমে যাত্রা করে কোক স্টুডিও বাংলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সেই গান প্রকাশিত হয়। ২০২২ সালে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা।



