বলিউড অভিনেত্রী দিয়া মির্জা সম্প্রতি কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের শোতে জানিয়েছেন, সালমান খান তার প্রথম সিনেমার শুটিংয়ের সময় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তিনি একদিন তার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই ভবিষ্যদ্বাণী এখন সত্যি হয়েছে বলে মন্তব্য করেন দিয়া।
সালমানের ভবিষ্যৎ বাণী
‘তুমকো না ভুল পায়েঙ্গে’ সিনেমায় সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিয়া মির্জা। সে সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। দিয়া জানান, শুটিং সেটে রাজপাল যাদবের সঙ্গে একটি শটের অপেক্ষায় ছিলেন তিনি। তখন তিনি লক্ষ্য করেন, যে অভিনেত্রী সালমানের মায়ের চরিত্রে অভিনয় করছেন, তার সদ্য সন্তান হয়েছে। দিয়া সালমানকে বলেন, ‘তিনি নিশ্চয়ই খুব কম বয়সি, তবু আপনার মায়ের চরিত্রে করছেন।’ জবাবে সালমান বলেন, ‘চিন্তা করো না, একদিন তোমার সঙ্গেও এমন হবে।’
ফারাহ খানের শোতে প্রকাশ
ফারাহ খানের শোতে দিয়া মির্জা এই ঘটনা বলেন। ফারাহ তাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি মনে আছে, আমরা একটি গানের শুটিং করছিলাম আর সেখানে প্রায় দুই লাখ মানুষের ভিড় হয়েছিল? অনেক কষ্টে আমরা সেখান থেকে বেরিয়ে হোটেলে ফিরেছিলাম! আমরা সেই গানটি মাত্র অর্ধেক দিনে শুট করেছিলাম।’ দিয়া হ্যাঁ সূচক উত্তর দেন।
দিয়াকে জিজ্ঞেস করা হয়, তিনি কি আবার সালমানের সঙ্গে কাজ করবেন? উত্তরে দিয়া বলেন, ‘এখন তো তিনি এমন মেয়েদের সঙ্গে কাজ করবেন, যাদের কম বয়স।’ ফারাহ খান সহমত না হয়ে বলেন, ‘না না! তিনি তো ইতোমধ্যে চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করছেন।’ দিয়া হেসে বলেন, ‘কিন্তু আমার প্রথম ছবিতেই সালমান বলেছিল— একদিন তুমি আমার মায়ের চরিত্রে অভিনয় করবে।’
‘মাতৃভূমি’ সিনেমা প্রসঙ্গ
সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে আলোচনা চলছে। ফারাহ খান মজা করে বলেন, ‘যদি ‘মাতৃভূমি’তে কোনো মায়ের চরিত্র থাকে, সালমানের দিয়াকে নেওয়া উচিত।’ তবে রন্ধনশিল্পী দিলীপ আপত্তি জানান। তিনি বলেন, ‘এখনই মায়ের চরিত্রে অভিনয় করার প্রয়োজন নেই দিয়ার। ওকে তো সালমানের ছোট বোনের মতো লাগবে।’ ফারাহ তখন আবার মজা করে বলেন, ‘ওকে সালমানের নায়িকার মতোই লাগবে। ছোট বোন বলার কী দরকার ছিল?’
উল্লেখ্য, দিয়া মির্জা ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ সিনেমার পারিশ্রমিক দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। ফারাহ ও দিলীপের সামনে সেই অভিজ্ঞতার কথাও বলেন তিনি।



