মাত্র সাত বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন জান্নাত জুবায়ের রাহমানি। টেলিভিশনের পরিচিত মুখ থেকে আজ তিনি সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। কোটি টাকার ব্র্যান্ড কোলাবোরেশনে নিয়মিত উপস্থিতি। এত কিছুর পরও 'মনের মতো' কোনো প্রকল্প দিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হলো—নেটফ্লিক্সের সিরিজ 'গ্লোরি' দিয়ে ওটিটি দুনিয়ায় পা রাখছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।
গ্লোরি: একটি স্পোর্টস থ্রিলার
হরিয়ানা রাজ্যের পটভূমিতে নির্মিত স্পোর্টস থ্রিলার ঘরানার সিরিজটিতে বক্সিং, হত্যা ও রাজনীতির মতো নানা উপাদানের মিশেল থাকছে; সংলাপেও শোনা যাবে হরিয়ানভি ভাষা। মুম্বাইয়ের যশরাজ ফিল্মস স্টুডিওতে 'গ্লোরি'র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে জান্নাত বলেন, 'কবে হরিয়ানভি ভাষা শিখে ফেললাম, কবে এর উচ্চারণ আয়ত্তে এল, কবে শুট শেষ হয়ে গেল—কিছুই বুঝতে পারিনি। আমরা অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। মনে হয়, আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে এটা অন্যতম সেরা টিম। এর চেয়ে ভালো প্রকল্প চাইলেও আমি পেতাম না।'
অভিনয়ে ফেরা
অভিনয়ে দীর্ঘ বিরতির পর ফিরে আসা প্রসঙ্গে জান্নাত বলেন, 'অনেকেই জানে না, আমার শুরুটাই অভিনয় দিয়ে। আমার ক্যারিয়ারের বয়স এখন ১৮ বছর। সবাই জিজ্ঞেস করত, নতুন কাজ কবে আসছে। সব সময় বলেছি, আমি "পারফেক্ট" প্রকল্পের জন্য অপেক্ষা করছি। "গ্লোরি" আমার জন্য ঠিক সেই প্রকল্প।'
চরিত্র 'গুডিয়া'
নিজের চরিত্র 'গুডিয়া' নিয়ে জান্নাতের মন্তব্য, 'চরিত্রটির সঙ্গে বাস্তব থাকতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। নিজের শতভাগ দিয়েছি। এখন দর্শকেরাই সিদ্ধান্ত নেবেন। তবে আমরা নিশ্চিত, সবার ভালো লাগবে।'
ছোট পর্দা থেকে ডিজিটাল মিডিয়া
'মাটি কি বান্নো', 'ফুলওয়া' ও 'ভারত কা বীর পুত্র'—'মহারানা প্রতাপ'–এর মতো ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দায় জনপ্রিয়তা পান জান্নাত। নিজের শুরুর দিনের কথা মনে করে জান্নাত একবার বলেছিলেন, 'যখন কাজ শুরু করি, তখন আমার বয়স ছিল সাত বছর। যখন আমার বয়স ছয় ছিল, তখন আমার বাবা আমাকে অডিশনে নিয়ে যেতেন। ক্যামেরার সামনে খুব লজ্জা পেতাম। প্রথম কাজ পেতে আমার প্রায় দুই বছর লেগে গিয়েছিল।'
২০১৮ সালে 'তু আশিকি'র পর হঠাৎই টেলিভিশন ছেড়ে দেন জান্নাত। সিদ্ধান্তটি পরিকল্পিত হলেও সহজ ছিল না। তিনি বলেন, 'শেষ শোর পর সত্যিই যখন থেমে গেলাম, খুব অস্থির লাগত। সারা দিন কাজ করার অভ্যাস ছিল। সময় কাটাতে পারতাম না।' এ অস্থিরতাই তাঁকে নতুন পথে নিয়ে যায়। ভাইয়ের পরামর্শে শুরু করেন ডিজিটাল কনটেন্ট তৈরি। 'আমার ভাই ভিডিও বানানোর কথা বলেছিল। সেই ছোট আইডিয়াই আমার জীবন বদলে দেয়,' বলছিলেন জান্নাত।
বর্তমান ও ভবিষ্যৎ
বর্তমানে ইনস্টাগ্রামে প্রায় পাঁচ কোটি অনুসারী নিয়ে ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল নির্মাতা জান্নাত। তবু অভিনয়ের প্রতি তাঁর টান অটুট। বহু সিনেমার প্রস্তাব পেলেও বেছে নিয়েছেন নিজের শর্তে। 'আমি জানি, আমার প্রথম সিনেমা কেমন হওয়া উচিত। সব শর্ত মিলে যাওয়ায় একটি পাঞ্জাবি ছবিতে ডেবিউ করেছি। বলিউডে নায়িকা হিসেবে আসার জন্য এখনো সঠিক প্রজেক্টের অপেক্ষায় আছি,' বলেন তিনি।
'গ্লোরি' নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ১ মে। এই সিরিজে জান্নাতের সঙ্গে আছেন পুলকিত সম্রাট, দিব্যেন্দু শর্মা, সায়ানি দত্ত ও সিকান্দার খের। পরিচালনায় করণ অংশুমান ও কনিষ্ক ভার্মা।



