ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কখনো এমন রূপে দেখেননি কেউ। জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীভ যেমন করে দেখিয়েছেন, তাতে চমকে দেয়ার পালা যে এখনো শেষ হয়নি তা আর বলতে। এবার মিউজিক ভিডিওতে বড় ক্যানভাসে এক হলেন শাকিব ও আদনান। আর প্রথম মিউজিক্যাল প্রজেক্টেই তাঁরা যা দেখালেন, তাতে রীতিমতো বিস্ময় ছড়িয়েছে বিনোদন অঙ্গনে।
‘জয়ধ্বনি’ গানের সাফল্য
এম-রাইজ নিবেদিত ‘জয়ধ্বনি’ গানটি প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে প্রায় কোটিরও বেশি দর্শক উপভোগ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এম-রাইজের প্ল্যাটফর্মে গানটি মুক্তির পর থেকেই শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওটিতে শাকিব খানকে দেখা গেছে এক ভিন্ন লুকে। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ পোশাকের সঙ্গে রোদচশমা পরে উৎসবমুখর পরিবেশে নাচের তালে ঝড় তুলেছেন তিনি।
আন্তর্জাতিক মানের প্রযোজনা
আন্তর্জাতিক মানের চিত্রায়ণ আর উষ্ণ রঙের চমৎকার আবহ ভিডিওটিকে দিয়েছে এক নতুন মাত্রা। ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’— এমন কথার এই গানটি তৈরিতে কেবল বাংলাদেশ নয়, যুক্ত ছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের এক বিশাল টেকনিক্যাল টিম ও আর্টিস্ট দল। ফলে এর কারিগরি মান দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই একে ‘বাংলার সেরা সেলিব্রেশন অ্যানথেম’ হিসেবে অভিহিত করছেন।
শাকিব-আদনানের পূর্বের কাজ
এর আগে শাকিব খান ও আদনান আল রাজীব একাধিক দর্শকপ্রিয় বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন। বিশেষ করে গত বছরের শেষদিকে শীতকালীন রূপচর্চার একটি পণ্যের বিজ্ঞাপনে তাঁদের কাজ বেশ প্রশংসিত হয়েছিল। তবে কোনো মিউজিক ভিডিও বা বড় মাপের মিউজিক্যাল প্রজেক্টে এটিই এই জুটির প্রথম কোলাবরেশন। দর্শকদের বড় একটি অংশ এখন এই জুটির রসায়ন দেখে বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখার দাবি তুলছেন। তাদের দু’জনের এ যাত্রা কোথায় গিয়ে পরিণতি পায় তাই দেখার অপেক্ষা করছেন সকলে।
এম-রাইজের ভবিষ্যৎ পরিকল্পনা
এম-রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জয়ধ্বনি’ কেবল একটি গান নয়, এটি একটি দীর্ঘ যাত্রার শুরু। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অপ্রকাশিত প্রতিভাবান এবং ‘নীরব নায়ক’দের অনুপ্রাণিত করতেই এই আয়োজন। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই সামনে উঠে আসবে দেশের আরও অনেক লুকানো প্রতিভার গল্প।



