লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে তার ছোট ভাই গুলি চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক উঠানে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে একটি ঘরের দিকে গুলি ছুড়ছে। পেছনে এক নারী তাকে নিবৃত্ত করার চেষ্টা করছেন। একপর্যায়ে ওই যুবক ঘরের জানালা ভেঙে ভেতরে অস্ত্র তাক করতেও দেখা যায়।
ঘটনার বিবরণ
গতকাল রোববার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গুলি ছোড়া ওই যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। তিনি এলাকায় পৃথক ঘরে বসবাস করেন।
ভিডিওর বিবরণ
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ১ মিনিট ১০ সেকেন্ডের। এটি সিসি ক্যামেরায় ধারণ করা। ভিডিওতে গুলি ছোড়ার একপর্যায়ে ঘরের জানালার কাচের পাশাপাশি ফুলের টবও ভাঙতে দেখা যায় ওই যুবককে।
ঘটনার কারণ
স্থানীয় বাসিন্দারা জানান, এনজিওর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেন এলাকার কিছু মানুষ। আবদুস সাত্তার মজুমদারের হস্তক্ষেপে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সুমন তাঁর বড় ভাইয়ের ঘর লক্ষ্য করে গুলি ছোড়েন।
প্রতিক্রিয়া ও আইনি ব্যবস্থা
জানতে চাইলে আবদুস সাত্তার মজুমদার বলেন, 'আটক এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সুমন তাঁর ঘরে গুলি ছুড়েছেন। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।' ঘটনার পর থেকে সুমন মজুমদার পলাতক। তাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'



