ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণকালে বিস্ফোরণে আইআরজিসির ১৪ সদস্য নিহত
ইরানে বিস্ফোরণে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণের সময় এক ভয়াবহ বিস্ফোরণে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব কথা বলা হয়। ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির একটি বিশেষায়িত ইউনিট ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ ও যুদ্ধাস্ত্র শনাক্ত ও তা নিষ্ক্রিয় করার কাজ করছিল। উদ্ধার অভিযান চলাকালে দুর্ঘটনাবশত একটি শক্তিশালী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই ১৪ জন প্রাণ হারান।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র রয়েই যাওয়ায় প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষি জমি ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকাজ পুনরায় চালু করার লক্ষ্যেই আইআরজিসি এই বিশেষ অভিযান পরিচালনা করছিল। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইরানের সরকার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ