মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে মোতায়েন করা মার্কিন সেনাসংখ্যা কমিয়ে আনার চিন্তা করছেন। তিনি জানিয়েছেন, তার প্রশাসন এই বিষয়টি ‘পর্যবেক্ষণ ও বিবেচনা’ করছে এবং খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরান প্রসঙ্গে উত্তেজনা
ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে উত্তেজনার মধ্যে ট্রাম্প এ ইঙ্গিত দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। সম্প্রতি জার্মান চ্যান্সেলর মন্তব্য করেন, ইরানি নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে। তার এ মন্তব্যের পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ও মার্কিন সেনা কমানোর বার্তা দেন।
ন্যাটো মিত্রদের সমালোচনা
এ ছাড়া ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে জার্মানি ও ন্যাটোর অন্যান্য মিত্রদেশের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করে আসছেন ট্রাম্প। বিশেষ করে হরমুজ প্রণালি আবার সচল করতে নৌবাহিনী মোতায়েন না করায় মিত্রদের ওপর তিনি ক্ষুব্ধ। বর্তমানে বিদেশে অবস্থান করা মার্কিন সেনাদের জন্য জার্মানি অন্যতম বড় ঘাঁটি। দেশটিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
সূত্র: আল-জাজিরা



