যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা যখন গভীর অনিশ্চয়তার মুখোমুখি, তখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া ওই পোস্টে ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে হাঁটতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন।
ট্রাম্পের হুঁশিয়ারি
ট্রাম্প লিখেছেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে হাঁটতে ব্যর্থ হচ্ছে। তেহরানকে সতর্ক করে তিনি লেখেন, ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান (বাস্তব পরিস্থিতি বোঝা বা সঠিক সিদ্ধান্ত নেওয়া) হতে হবে’। এই পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন ট্রাম্প, যেখানে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা—‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)।
কূটনীতি বনাম হুমকি
ট্রাম্প কখনো কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই পোস্ট ইরানের সঙ্গে আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।
সূত্র: গালফ নিউজ ও মিডল ইস্ট আই



