দক্ষিণ লেবাননে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে হিজবুল্লাহর ছোঁড়া দুটি বিস্ফোরক ড্রোনে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন বলে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে।
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা আহত
আইডিএফের বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোঁড়া দুটি বিস্ফোরক ড্রোনে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন। হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত একাধিক টেলিগ্রাম গ্রুপে প্রকাশিত পোস্টে দাবি করা হয়েছে, সংগঠনটি দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৪
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম বেকা জেলার দক্ষিণের শহর জিলাইয়াতে একটি ইসরাইলি হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকলেও ইসরাইলি বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। দক্ষিণ লেবাননে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে, যা পুরো অঞ্চলের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।



