ইসরাইলি বাহিনী লেবাননের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরাইলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো। ইসরাইলের উত্তরাঞ্চলের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকা ইসরাইলি বাহিনী 'শত্রুমুক্ত' করার কাজ করছে।
কমান্ডারের বক্তব্য
ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। কমান্ডার মিলো বলেন, 'আমরা বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা করছি না। আমরা যা করছি, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমাদের আরও অনেক কাজ বাকি আছে।' ইসরাইলি জনগণের মনোভাবের কথা উল্লেখ করে মিলো আরও বলেন, এটি দীর্ঘস্থায়ী এক যুদ্ধ। হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন সামরিক বাহিনী ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।
সামরিক অভিযানের বিস্তারিত
সামরিক অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে এই কমান্ডার দাবি করেন, 'এই অঞ্চলে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে—আমরা আমাদের প্রয়োজনমতো অভিযান, হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছি।' ইসরাইলি বাহিনীর এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করলেও ইসরাইল নিজেদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান করছে।
সূত্র: আল-জাজিরা।



