জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে মেলান্দহ উপজেলার পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিদের পরিচয়
মৃত তিন জন হলেন মেলান্দহের পূর্বদাগী এলাকার আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০) এবং তার মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।
ঘটনার বিবরণ
মৃত খুকি বেগমের ছেলে আকালু মণ্ডল জানান, গত রাতে তার মা দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোররাত ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে তিনটি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
উদ্ধার অভিযান
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, সকাল ৭টার দিকে স্থানীয়রা ঘরের ভেতরে চাপাপড়া তিন জনের মরদেহ উদ্ধারের চেষ্টা করেন। তবে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেন।



