চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে।
স্বাগত জানানো হয় যেভাবে
এ সময় সেখানে রাজা–রানিকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি। রাজা–রানিকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। দুটি শিশু রাজ দম্পতিকে ফুল দিয়ে বরণ করে নেয়। সামরিক ব্যান্ড রাজা–রানির সম্মানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করে।
হোয়াইট হাউসে সংবর্ধনা
হোয়াইট হাউসে তাদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে তারা শুরুতে ব্যক্তিগত চা চক্রে এবং পরে একটি গার্ডেন পার্টিতে অংশ নেন।
ঐতিহাসিক সফর
২০০৭ সালের পর কোনো ব্রিটিশ রাজার এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে ছয় দিনের সফর করেছিলেন। ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সৃষ্টি হওয়া রাজনৈতিক দূরত্ব, প্রিন্স অ্যান্ড্রুর নানান কেলেঙ্কারির মাঝে ব্রিটিশ রাজ দম্পতির এ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ সফরের মধ্য দিয়ে দুই ঐতিহাসিক মিত্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকেরা।



