চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজার এলাকায় টানা বর্ষণে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই বর্ষণে নগরের নিচু এলাকাগুলোতে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দোকানপাটে পানি, পণ্য নষ্টের আশঙ্কা
রেয়াজউদ্দিন বাজারের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেক দোকানপাটে কেনাবেচা ব্যাহত হয়েছে। দোকানের মেঝেতে জমে থাকা পানির কারণে বিভিন্ন পণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিক্রি বাদ দিয়ে পণ্য বাঁচাতে ব্যতিব্যস্ত ছিলেন দোকানিরা। বৃষ্টির পানি দোকানের ভেতর থেকে সরাতে বালতি ও ঝাঁটা হাতে নেমে পড়েন অনেক দোকানকর্মী।
জলাবদ্ধতায় জনজীবন স্থবির
জলাবদ্ধতার মধ্যেই জরুরি কাজে বের হওয়া মানুষকে চলাচল করতে হয়। বৃষ্টির মধ্যে হাঁটুপানি মাড়িয়ে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে বাজারে আসেন কেউ কেউ। বৃষ্টির সময় সড়কে পানি এতটাই জমে যে মোটরসাইকেল, রিকশাগুলো অনেকটা ডুবেই চলছিল।
টানা বর্ষণে চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও প্রকট আকার ধারণ করে। স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। ছাতা ও রেইনকোটের আশ্রয় নিয়েও প্রবল বৃষ্টিতে ভিজে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় পথচারীরা, দোকানিরা হয়ে পড়েন পানিবন্দী।



