টানা ভারী বর্ষণ ও সম্ভাব্য দুর্যোগের ঝুঁকির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন বন্ধ করা হলো পর্যটনকেন্দ্র?
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন এলাকায় নিষেধাজ্ঞা?
এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।



