বর্ষার পানিতে আকাশের নীল আর মেঘের ছায়া মিলেমিশে সিলেটের সীমান্তবর্তী জনপদে তৈরি করেছে নয়নাভিরাম দৃশ্য। দূরে পাহাড়, মাঝখানে সবুজ গাছপালা আর জলমগ্ন মাঠ—প্রকৃতির এই অপূর্ব রূপ দেখতে পাওয়া যায় শুধু বর্ষাকালেই।
পাহাড়ের চূড়ায় মেঘমাখা আকাশ
পাহাড়ের চূড়ায় মেঘমাখা আকাশ, নিচে বর্ষার পানিতে ভেসে চলেছে মৎস্যজীবীর নৌকা। প্রকৃতি আর জীবিকার এমন মেলবন্ধন সীমান্তবর্তী সিলেটের বর্ষাকালের চিরচেনা দৃশ্য। বর্ষা নামলেই দূরের পাহাড়ে জেগে ওঠে অসংখ্য ছোট ছোট ঝরনাধারা। মেঘে ঢাকা পাহাড়ের গা বেয়ে নেমে আসা সেই জলধারা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা।
জলমগ্ন হাওরে মহিষের পাল
জলমগ্ন হাওরের বুকে জেগে থাকা একফালি সবুজ। সেই সবুজেই বর্ষার দিনের অবসর কাটাচ্ছে মহিষের পাল। বর্ষায় নদীর পানি বেড়ে গেলেও থেমে থাকে না গ্রামীণ জীবনের ছন্দ। নদীর ওপারের চরে দিনভর চরানোর পর গরুর পাল সাঁতরে এপারে ফিরিয়ে আনছেন রাখাল।
পাহাড়ের বুক চিরে ঝরনাধারা
পাহাড়ের বুক বেয়ে নেমে আসা ঝরনাধারা, আকাশে সাদা মেঘের ভেলা আর সামনে সবুজ চা-বাগান—দৃশ্যটি যেন কোনো ক্যানভাসে আঁকা ছবি। দিনের আলো কমে এলে সবুজ পাহাড়ের রংও বদলে যায়, পড়ন্ত বিকেলে দূরের পাহাড়গুলো ধীরে ধীরে কালো ছায়ায় মিলিয়ে যায়।
পাহাড়, নদী আর মানুষের বন্ধন
পাহাড়, নদী আর মানুষ—বর্ষায় সিলেটের প্রকৃতি যেন এক সুতোয় বাঁধা। সবুজ পাহাড়ের নিচে বয়ে চলা স্বচ্ছ নদী হেঁটে পার হচ্ছে এক শিশু। পড়ন্ত বিকেলের আলোয় সবুজ বীজতলা যেন আরও উজ্জ্বল। দূরের পাহাড় ক্রমেই গাঢ় ছায়ায় ঢেকে যাচ্ছে। দিনের কাজ শেষে গরু নিয়ে বাড়ি ফিরছেন এক তরুণ।



